শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

অতীতের মতো সরকার না চাইলে হ্যাঁ ভোট মাস্ট: নৌ পরিবহন উপদেষ্টা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

অতীতের মতো সরকার না চাইলে হ্যাঁ ভোট মাস্ট: নৌ পরিবহন উপদেষ্টা

বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল মারা অপরিহার্য বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি ) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


ড. সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানি সামনে একটি গণভোট হচ্ছে। যদি আমরা চাই অতীতের মতো সরকার না থাকুক, অতীতের মতো কর্মকাণ্ড আর না চলুক, তাহলে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে। এটা মাস্ট। তা না হলে এত রক্তের বিনিময়ে যে সুযোগ আমাদের সামনে এসেছে, তা আমরা হারাবো।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার না হলে দেশ আবার আগের অবস্থায় ফিরে যাবে, যা স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে।

তিনি আরও বলেন, সারা দেশেই ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল কমে গেছে। আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে দৈনিক হাজারের বেশি মানুষ যাতায়াত করলেও বর্তমানে তা কমে তিন থেকে চারশতে নেমে এসেছে। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ঘটনা হচ্ছে ভারত নানাবিধ কারণে ভিসা দিচ্ছে না। সে কারণে এখান থেকেও ভিসার সংখ্যা কম।

তিনি আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সামনে নির্বাচন শেষে নতুন সরকারের সময়ে উন্নতি আরও দৃশ্যমান হবে। বাংলাবান্ধা স্থলবন্দর প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে সরকার এই বন্দর নিয়ে নতুন করে পরিকল্পনা নিতে পারবে।


বিজ্ঞাপন


সাখাওয়াত হোসেন বলেন, উপমহাদেশীয় সম্পর্ক ও চীনের সঙ্গে যোগাযোগ প্রতিটি দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। সরাসরি পরিকল্পনা করলেই চীনে যাওয়ার রাস্তা তৈরি করা সম্ভব নয়, কারণ এক বা একাধিক দেশের ভেতর দিয়েই যেতে হবে।

তিনি জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে মোট ২০টি স্থলবন্দর রয়েছে। এসব বন্দরের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবেই তিনি বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে এসেছেন। ভবিষ্যতে স্থলবন্দরগুলোর উন্নয়ন পরিকল্পনা আগামী সরকার তাদের নিজস্ব নীতিতে বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা সভায় যোগ দেন। এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ স্থলবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর