বরিশাল বিমানবন্দর থানার লিমন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ভাটার ও বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন- মমিনুল ওরফে লিমন সিকদার (১৯), ইমন হোসেন (২১) ও নাজমা বেগম (৪২)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে মমিনুল ওরফে লিমন সিকদার প্রধান আসামি। বাকি দুজন ২ ও ৩ নম্বর আসামি।
র্যাব জানায়, ২২ আগস্ট বরিশাল এয়ারপোর্টের পশ্চিম রহমতপুরের মিজান মেম্বারের বাড়ির সামনে পাওনা টাকা আদায়ের জন্য মমিনুল তার দুই সহযোগীসহ ধারালো ছুরি দিয়ে লিমনকে খুন করার উদ্দেশে পেটে ছুরি মারে। পরপর দুটি আঘাত করলে লিমন মাটিতে লুটে পড়েন।
এসময় ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয় লোকজনের উপস্থিতি দেখতে পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে লিমনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় বিএমপি বরিশাল বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা হলে সেই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র্যাব।
এমআইকে/এএইচ
