৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ‘কারিগরি ত্রুটি’র কারণে বাদ পড়া আট পরীক্ষার্থীকে যাচাই শেষে উত্তীর্ণ হিসেবে ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলে তাদের রেজিস্ট্রেশন নম্বর তালিকায় ছিল না। এতে তারা ফলাফলে অকৃতকার্য বলে ধরে নেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ নভেম্বরের প্রকাশিত ফলাফলের তালিকা থেকে আটটি রেজিস্ট্রেশন নম্বর কারিগরি ত্রুটির কারণে বাদ পড়ে যায়। পরবর্তীতে বিষয়টি নজরে এলে যাচাইপূর্বক সঠিক প্রমাণিত হওয়ায় তাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।
উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো— ১১০৪৭৩৭৫, ১১০৫৭৫৩০, ১১১৬০২৯২, ১৪০২৪৭৫৬, ১৫০০৩৭৬৫, ১৮০০৩৫৮৪, ১৮০০৭৩৯১ ও ১৮০১০২৮২।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তিসংগত কারণ দেখা দিলে কমিশন প্রকাশিত ফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে। তবে কী ধরনের কারিগরি ত্রুটি হয়েছিল, সে বিষয়ে পিএসসি কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
এর আগে ২৭ নভেম্বর প্রকাশিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলে ৪ হাজার ৪২ জনকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এম/ক.ম

