রাজধানীর জুরাইনে পাপ্পু শেখ (২৬) নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। তারা হলেন- ইউসুফ সরদার (৪৫) ও উজ্জল ওরফে কাঞ্চি (৩০)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
তিনি জানান, রাজধানীর কদমতলীর জুরাইনস্থ কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিএনজি অটোরিকশা চালক মো. পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, নিহত পাপ্পু তার শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য পূর্ব জুরাইনস্থ তার ভাড়া বাসা থেকে বের হন। কিন্তু হত্যাকারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ আসামিরা তাকে জোরপূর্বক ধরে রাখে। এসময় বাপ্পারাজ ওরফে বাপ্পা (৪০) তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ভুক্তভোগীকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে। তার মধ্যে একটি গুলি পাপ্পুর পুরুষাঙ্গের বাম পাশে লাগে। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত পাপ্পুকে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
র্যাব বলছে, নিহতের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ওরফে বাপ্পা গ্রুপের মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল। তারই জেরে তাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ইউসুফ সরদারের বিরুদ্ধে মাদক আইনের মামলাসহ তিনটি মামলা রয়েছে এবং উজ্জল ওরফে কাঞ্চির বিরুদ্ধে মাদক আইনের দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআইকে/এএইচ

