অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গসহ নানা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের অধীনস্থ আইডিইএ প্রকল্পের ৮০ জন কর্মকর্তা–কর্মচারীকে চুক্তি নবায়ন ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ বৃদ্ধির সময় কর্মীদের কর্মদক্ষতা ও আচরণগত রেকর্ড পর্যালোচনায় এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
প্রকল্পের বর্ধিত মেয়াদের জন্য আউটসোর্সিং জনবলের চাকরির মেয়াদ বৃদ্ধি করতে তাদের বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন, সার্বিক কার্যসম্পাদন এবং শৃঙ্খলাবিষয়ক রেকর্ড পর্যালোচনা করা হয়েছে বলে চিঠিতে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বাদ পড়া কর্মকর্তা-কর্মচারীদের দাবি, অনেককে ভুয়া অভিযোগেও চাকুরিচ্যুত করা হয়েছে।
চিঠি থেকে জানা যায়, মোট ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ, যেমন; অনিয়ম, দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গজনিত কার্যক্রমের প্রমাণ বা সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। অতীতে এমন অভিযোগ পেলে প্রকল্প কতৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়েছে। তবে এই ৮০ জনের অনিয়ম, দুর্নীতি এবং শৃঙ্খলাজনিত অভিযোগের কথা উল্লেখ করলেও তাদের বিষয়ে তদন্ত ছাড়াই চাকুরিচ্যুত করেছে কর্তৃপক্ষ এমন অভিযোগ ভুক্তভোগীদের।
চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশন এবং প্রকল্পের সুনাম ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে এই অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রকল্পের বর্ধিত মেয়াদে (১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত) পুনঃনিয়োগ প্রদান করা হয়নি। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের আজ মঙ্গলবারের (০২ ডিসেম্বর) মধ্যে তাদের দায়িত্বে থাকা সব মালামাল সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মালামাল বুঝিয়ে দেওয়ার পর ছাড়পত্র গ্রহণ করে প্রকল্প কার্যালয়কে অবহিত করার পরই তাদের বকেয়া বেতন-ভাতা ছাড় করা হবে বলেও জানায় প্রকল্প কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এমএইচএইচ/ক.ম

