জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহে রোববার (৭ ডিসেম্বর) থেকে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শনে যান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
গত ৪ আগস্ট (সোমবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম। আবেদনে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ জীবন দেন।
সিআইডির ফরেনসিক ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই আন্দোলনে অজ্ঞাত শহীদদের লাশ উদ্ধারে কবরস্থান এলাকায় তাবু স্থাপন করা হয়েছে। সেখানেই মরদেহ উত্তোলন করার পর প্রক্রিয়াগত সব কাজ করা হবে। এমন কি এই অস্থায়ী তাবুতে ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে আবার মরদেহ যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।
এ দিকে সিআইডি সূত্রে জানা গেছে, অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞ ফরেনসিক ইউনিটকে সহযোগিতার কথা রয়েছে। অজ্ঞাত হিসেবে দাফন হওয়া শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহে অন্তত এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।
একেএস/ক.ম

