শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উর্দুভাষী জনগোষ্ঠীর জন্য সংসদের উচ্চকক্ষে ২ আসন চায় এসপিজিআরসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

press club
উর্দুভাষী জনগোষ্ঠীর জন্য সংসদের উচ্চকক্ষে দুটি আসন চায় এসপিজিআরসি। ছবি: সংগৃহীত

উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নাগরিক অধিকার সংকট ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদের সম্ভাব্য উচ্চকক্ষে তাদের জন্য দুটি আসন বরাদ্দের দাবি জানিয়েছে ট্রান্ডেড পিপল'স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি (এসপিজিআরসি) বাংলাদেশ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি তোলে।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বৃহত্তম সংগঠন এসপিজিআরসি বাংলাদেশ উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের মানবিক সংকট, নাগরিক অধিকার ও ক্যাম্প-সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন- এসপিজিআরসি বাংলাদেশের সভাপতি এম শওকত আলী। 
তিনি বলেন, ‘১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের পর উর্দুভাষী মুসলমানরা এ দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সমাজ ও অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। কিন্তু ১৯৭১ সালের রাজনৈতিক প্রেক্ষাপট ও যুদ্ধ পরিস্থিতির কারণে উর্দুভাষীরা প্রতিকূল অবস্থায় পড়ে এবং আন্তর্জাতিক রেডক্রস (আইসিআরসি) সারা দেশে ক্যাম্প স্থাপন করে তাদের একত্রিত করে। সেই সময় থেকেই উর্দুভাষীদের নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবনযাত্রা শুরু হয়, যা দীর্ঘ ৫৪ বছর পরও সম্পূর্ণ সমাধান হয়নি।’

তিনি জানান, এসপিজিআরসির প্রতিষ্ঠাতা ও উর্দুভাষী জনগোষ্ঠীর প্রাণের নেতা মরহুম আলহাজ্ব নাসিম খান সারাজীবন এই সম্প্রদায়ের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। তার মৃত্যুর পর সংগঠনের নেতারা বিভিন্ন সরকারকে সমস্যার বিষয়ে অবহিত করলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছেও শতাধিক চিঠি দেওয়া হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন তিনি।

আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসপিজিআরসির সভাপতি বলেন, ‘উর্দুভাষী জনগোষ্ঠীর ৫৪ বছরের ঝুলন্ত মানবিক সংকট সমাধানের অঙ্গীকার রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।’


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে একটি স্বার্থান্বেষী মহল ক্যাম্প এলাকাকে মাদক ও সন্ত্রাসের কেন্দ্রস্থল বানানোর চেষ্টা করছে। এসপিজিআরসি আইনশৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানের প্রশংসা করে তা আরও জোরদার করার আহ্বান জানায়।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা ও বিশুদ্ধ খাবার পানি বন্ধ করার ঘটনাকে সংগঠনটি ‘স্ট্যাটাসকো’–এর সাংবিধানিক লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে। সংগঠনের দাবি, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্প উচ্ছেদ করা যাবে না।


এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর