কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলার চেষ্টা, হুমকি ও গালাগালির দুটি পৃথক ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতাররা হলেন— সোহেল রাশেদ (৪৫) ও আল আমিন (২৪)।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বংশাল ও বাড্ডা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সিটিটিসি সূত্র জানায়, গত ৯ অক্টোবর লালবাগের ফ্রেঞ্চ রোডের মুখে উল্টোপথে মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক কনস্টেবল বাধা দিলে সোহেল রাশেদ জনসমক্ষে পুলিশ সদস্যকে মারতে উদ্যত হন এবং হুমকি দেন। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সিটিটিসির সাইবার টেরোরিজম টিম তাকে শনাক্ত করে বংশালের নাজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিটিটিসি সূত্র আরও জানায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় আফতাবনগর গেট এলাকায় বাইকার আল আমিন ট্রাফিক সার্জেন্টের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডা ও গালাগালি করেন। ভিডিও ভাইরাল হলে সিটিটিসির ইন্টারনেট রেফারেল টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে বাড্ডার আনন্দ নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। দুজনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এএস

