ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি, ১০ম গ্রেড প্রদান, মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন–ভাতা এবং শতভাগ আনুতোষিক প্রদানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ভবনের তৃতীয় তলার কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আলতাব হোসেন এসব দাবি তুলে ধরেন।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মোমিন। উপস্থাপনায় ছিলেন দফতর সম্পাদক মো. গিয়াস উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণে তিন দফা স্মারকলিপি প্রদান করা হবে। আগামী ৪ ডিসেম্বর দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে, ৮ ডিসেম্বর সব বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেবে সংগঠনটি।
সংগঠনের নেতারা জানান, ২২ ডিসেম্বরের মধ্যে সরকার কোনো পদক্ষেপ না নিলে ২৩ ও ২৪ ডিসেম্বর সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একযোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে আগামী ৭ জানুয়ারি জাতীয় শহীদ মিনার চত্বরে মহাসমাবেশ ডাকা হবে।
সমাবেশ থেকে লাগাতার বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও জানান বক্তারা। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এএইচ

