শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

অগ্নিকাণ্ডে পোড়া কড়াইল বস্তি ঘুরে গেলেন নেতারা, নেই পর্যাপ্ত সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

অগ্নিকাণ্ডে পোড়া কড়াইল বস্তি ঘুরে গেলেন নেতারা, নেই পর্যাপ্ত সহায়তা
অগ্নিকাণ্ডে পোড়া কড়াইল বস্তি ঘুরে গেলেন নেতারা। ছবি: ঢাকা মেইল

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর থেকে একে একে দেখতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দিয়ে যাচ্ছেন সহযোগিতার আশ্বাস ও কথার ফুলঝুরি। তবে এখন পর্যন্ত পর্যাপ্ত সহায়তা পাননি বস্তিবাসী।

বস্তিবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (২৬ নভেম্বর) কড়াইল বস্তি দেখতে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইতিমধ্যে গণসংহতির আহ্বায়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, জাতীয় নাগরিক পার্টির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামসহ বিভিন্ন দলের নেতারা কড়াইল বস্তি ঘুরে দেখেছেন।


বিজ্ঞাপন


এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তাঁরা।

বস্তির বাসিন্দারা জানান, রাজনৈতিক দল ও সরকারের পক্ষ থেকে নানা ধরনের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত পর্যাপ্ত সহায়তা মেলেনি। সহায়তা বলতে তারা পেয়েছেন শুধু খাবার-পানি ও কিছু কাপড়চোপড়। তাদের দাবি—পূর্বের মতো ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দেওয়া হোক এবং তাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হোক।

বস্তির বাসিন্দা শাহিন আলম ঢাকা মেইলকে বলেন, “২০ বছর ধরে এই বস্তিতে থাকছি। অন্য কোথাও থাকার জায়গা নেই। বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের নেতারা খাবার নিয়ে আসছেন, কিন্তু আর্থিক অনুদান পাওয়া যাচ্ছে না। আমাদের এখন সবচেয়ে প্রয়োজন আর্থিক সহায়তা।”

তিনি আরও বলেন, “আমার মতো অনেকের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সরকার বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু একটা করে দিলে ভালো হতো, না হলে আমরা দিশেহারা হয়ে যাব।”


বিজ্ঞাপন


কড়াইল বস্তিতে ২৫ বছর ধরে বসবাস করছেন তানভীর হাসান। তাঁর একমাত্র সম্পদ ছিল একটি ছোট মুদি দোকান—যা দিয়ে চারজনের সংসার চলত। অগ্নিকাণ্ডে সেটিও পুড়ে এখন কেবল ছাই।

তিনি ঢাকা মেইলকে বলেন, “সরকার ও রাজনৈতিক নেতারা আশ্বাস দিচ্ছেন যে পাশে থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত আদৌ পাশে পাব কি না—সন্দেহ হচ্ছে। সবাই শুধু নাম লিখে যাচ্ছে, বলে যাচ্ছে সহযোগিতা করবে—কিন্তু এখন পর্যন্ত কেউ করেনি। কবে পাবো সহযোগিতা? ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলে অনেক উপকার হবে।”

এসএইচ/একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর