বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কৃষিযন্ত্র হস্তান্তর করে গিনেস বিশ্ব রেকর্ড গড়ল এসিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

কৃষিযন্ত্র হস্তান্তর করে গিনেস বিশ্ব রেকর্ড গড়ল এসিআই
কৃষিযন্ত্র হস্তান্তর করে গিনেস বিশ্ব রেকর্ড গড়ল এসিআই। ছবি: সংগৃহীত

একদিনে একসাথে ৩৫০টি কৃষিযন্ত্র (ট্রাক্টর) কৃষকদের নিকট হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি ও অর্জন তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুর সদরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আনুষ্ঠানিকভাবে ট্রাক্টরগুলো কৃষকদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, এ সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় প্রমাণাদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। যাচাই-বাছাই শেষে রোববার সন্ধ্যায় সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি প্রদান করে।

কর্তৃপক্ষ জানায়, একক অনুষ্ঠানে সর্বাধিক সংখ্যক ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষিকে আরও এগিয়ে নেওয়া এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টিই ছিল এই আয়োজনের প্রধান লক্ষ্য। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের কৃষির সক্ষমতাকে উজ্জ্বলভাবে উপস্থাপন করাও ছিল অন্যতম উদ্দেশ্য।

এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরসের প্রধান ব্যবসা কর্মকর্তা মো. আসিফ উদ্দিন, ব্যবসা পরিচালক আজম আলী, উপ-ব্যবসা পরিচালক খায়রুল আহসান এবং দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

এসিআই মটরস লিমিটেডের উপ-ব্যবসা পরিচালক আসিফ ফয়সল রুমি জানান, বাংলাদেশে সোনালীকা ট্রাক্টর ইতোমধ্যে ৩৫ হাজারেরও বেশি বিক্রির মাধ্যমে কৃষকদের আস্থা অর্জন করেছে। এসিআই বর্তমানে দেশের ট্রাক্টর বাজারের ৫০ শতাংশেরও বেশি অংশীদারিত্ব ধরে রেখেছে। আমাদের এই উদ্যোগ কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের কৃষিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

picture

ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, কৃষি যান্ত্রিকীকরণে দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কৃষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে এসিআই সবসময় কাজ করে যাচ্ছে। দেশে কৃষকদের উদ্দীপনার অভাব দেখা যায়। তাই কৃষক ও কৃষিকে উৎসাহিত করতেই ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস বিশ্ব রেকর্ড গড়ার আয়োজন করা হয়েছে। আজ বিশ্বের মানুষ দেখল, বাংলাদেশের কৃষকরাও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অংশ নিতে পারে। কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করছি।

জানা গেছে, চলতি বছর এসিআই ও সোনালীকা ট্রাক্টরের ১৮ বছরের যৌথ যাত্রা উদযাপন করছে প্রতিষ্ঠানটি। বিশ্ব রেকর্ড উদযাপনের এই আয়োজনে সোনালীকা ট্রাক্টরের সবচেয়ে বড় লোগো প্রদর্শনীর আয়োজনও করা হয়।

এএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর