হেলমেট পরে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে মোটরসাইকেল ও ছিনতাই করা মালামালসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- সাইফুল ইসলাম শাওন ও ফারুক হোসেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার পর ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান। তিনি জানান, ছিনতাইকারীদের এই চক্র বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এটিএম বুথ এবং অর্থলগ্নি সংস্থার সামনে অবস্থান করে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করত। লোকজন নগদ টাকা তুলে চলে যাওয়ার সময় তাদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে মোটরসাইকেলে গতিরোধ করে বা ছোঁ মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত চক্রটি। এমন ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে থানায় একাধিক মামলা হয়।
বিজ্ঞাপন
তালেবুর রহমান জানান, এমন ঘটনায় উত্তরা পশ্চিম থানায় 'ছিনতাই প্রতিরোধ টিম' গঠন করা হয়। টিমটি প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেল ও হেলমেট শনাক্ত করে মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডের ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে চক্রের দুজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য মো. জিল্লুর রহমান খানের সঙ্গে মিলে তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
একেএস/ক.ম

