রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

জুলাই স্মৃতিস্তম্ভে ফুটে উঠবে শহীদদের ইতিহাস: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

জুলাই স্মৃতিস্তম্ভে ফুটে উঠবে শহিদদের ইতিহাস: আসিফ মাহমুদ
জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি- ঢাকা মেইল

ঢাকার ওসমানী উদ্যানে নির্মিতব্য জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও জুলাই ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১২ অক্টোবর) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকার ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

Asif3
ঢাকার ওসমানী উদ্যান। ছবি- ঢাকা মেইল

আসিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলে একটি মহল বাজেট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করে। এসব প্রশ্ন জনগণের টাকার প্রতি দায়বদ্ধতা নয়, বরং মূলত রাজনৈতিক অপচেষ্টা। কারণ বিগত ফ্যাসিবাদের সময় এসব প্রশ্ন ছিল না। তখন শুধু পরামর্শক ফি দিয়েই যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, এখন প্রায় সেই অর্থ দিয়েই পুরো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সকল অপচেষ্টাকে মোকাবিলা করেই জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহিদদের আত্মত্যাগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।’ 

Asif4
জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করা হচ্ছে। ছবি- ঢাকা মেইল

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ও জুলাইয়ের চেতনাকে সমুজ্জ্বল রাখতে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৪৬ দশমিক ৪০ কোটি টাকা ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে।

জুলাই স্মৃতিস্তম্ভটি একটি বৃত্তাকার বেদির উপর নির্মিত হবে। স্তম্ভটির দুই পাশে চারটি করে মোট আটটি আয়তাকার পারসিভড কলাম এবং মাঝখানে একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম থাকবে, যার উচ্চতা হবে ৯০ ফুট। স্মৃতিস্তম্ভে প্রবেশের জন্য দুটি প্রবেশপথ থাকবে এবং প্রবেশপথে থাকবে এপিটাফ। পুরো স্মৃতিস্তম্ভ এলাকায় কৃষ্ণচূড়া জাতীয় বৃহদাকার ফুলের চারা রোপণ করা হবে।

Asif5
ঢাকার ওসমানী উদ্যানে পুরোদমে চলছে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ। ছবি- ঢাকা মেইল

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, যখন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, তখন স্থানীয় সরকার উপদেষ্টার উদ্যোগ ও নির্দেশনায় এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের গৌরবময় কাজ হাতে নিয়েছে। পাইলিংয়ের কাজ শেষ পর্যায়ে। ডিসেম্বরেই এই নির্মাণকাজ শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ শহিদদের স্মরণে দোয়া করেন এবং একটি ঔষধি বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর