‘জলাতঙ্ক নির্মূলে কাজ, কাজ করি সবাই মিলে’– এই স্লোগানে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দিবসটি উপলক্ষে রাজধানীর চিড়িয়াখানাসহ ঢাকার বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক দায়বদ্ধতা ও জলাতঙ্ক নির্মূলে সচেতনতা তৈরির অংশ হিসেবে সংগঠনটি প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করে।
বিজ্ঞাপন
সকাল ৮টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে শুরু হয়ে প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদানের এই কার্যক্রম দিনব্যাপী ঢাকার বিভিন্ন স্থানে চলে। মূল পর্ব অনুষ্ঠিত হয় হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকায়।
জলাতঙ্ক একটি প্রাণঘাতী ও মারাত্মক রোগ, যা প্রাণীর দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। পথের কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীর মাধ্যমে এ রোগ বেশি ছড়ায়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বাদুড় কিংবা বেজি কামড় বা আঁচড় দিলে ক্ষতস্থানে দ্রুত সোডা পানি বা কাপড় কাচার সাবান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধৌত করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে। সাধারণত বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু, ছাগল ও ভেড়া সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তবে নিয়মিত টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব।

বিজ্ঞাপন
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশ হোক সব প্রাণের নিরাপদ আবাসস্থল– এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন সেই উদ্যোগের ধারাবাহিক প্রক্রিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ, মেহেদি হাসিব, বাপ্পি খান, নিশাত তামান্না প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জামিল হোসেন, সাবেক ছাত্রনেতা শামিম মিয়া, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রনেতা মশিউর রহমানসহ বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকরা।
ক্যাম্পেইন চলাকালে অনেকেই নিজ বাড়ির পোষা কুকুর-বিড়ালকে নিয়ে এসে টিকা দেন। তারা সমাজ ও প্রকৃতির কল্যাণে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
বিইউ/এআর




