শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

কেন্দ্রীয় কারাগারের অধিকৃত জমি নিয়ে সংবাদ সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

কেন্দ্রীয় কারাগারের অধিকৃত জমি নিয়ে সংবাদ সম্মেলন

ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগত জমিতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা সরকারি নিয়ম দেখিয়ে রাতের আঁধারে দখলে নিয়ে সীমানা পিলার দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি অডিটোরিয়ামে এসব অভিযোগ করেন দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ভুক্তভোগী মনোয়ার হোসেন ওরফে মোক্তার হোসেন।


বিজ্ঞাপন


তার অভিযোগ, কারাগার কর্তৃপক্ষ তার জমি অধিগ্রহণ করতে চেয়েছিল। কিন্তু তিনি তা দেননি। পরে বিষয়টি উল্লেখ করে আদালতের নজরে আনেন। এরপর বিষয়টি নিয়ে দু’টি আপিল সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও সম্প্রতি কারাগার কর্তৃপক্ষ সেই জমিতে থাকা স্থাপনা গুড়িয়ে দিয়ে দখলে নিয়ে পিলার দিয়েছে।

মোক্তার হোসেনের দাবি, তার জমিটির অবস্থান ঢাকা মাওয়া হাইওয়ের পাশে। যার পরিমাণ ৬৭ শতাংশ। জমিটির খাজনা-খারিজও তিনি দীর্ঘদিন ধরে করে আসছিলেন। নতুন কারাগার হওয়ার আগে তার জমিটি সরকার অধিগ্রহণ করতে চাইলে তিনি তা দেননি। সেই জমিটি একটি মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা করবেন বলে কারাগার কর্তৃপক্ষকে বহুবার চিঠি দিয়েছেন। কিন্তু তার চিঠিতে কারাগার কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। পরে বিভিন্ন সময়ে আদালতে রিট করেন। রিটের শুনানিতে বিষয়টির সমাধানও দেন আদালত। তার জমিটি গেজেট মুক্ত করারও নির্দেশ দেন আদালত। কিন্তু কারাগার সরকারি নিয়ম দেখিয়ে তার জমিটি সম্প্রতি দখলে নিয়েছে।

তিনি অভিযোগ করেন, গত বুধবার রাতের আঁধারে তার জমিতে থাকা অস্থায়ী টিনসেডের ঘর ভেঙে দেওয়া হয়েছে। তার কেয়ারটেয়ারকে বের করে দেওয়া হয়েছে। এ সময় কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুমসহ আরও ৩০ থেকে ৪০ জন কারারক্ষী ছিলেন। তারা তার সব স্থাপনা গুড়িয়ে দিয়ে কারাগারের পিলার পুঁতে দেন। এজন্য সরকারের কাছে ক্ষতিপূরণ ও তার জমি ফেরত চান তিনি।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কারা অধিদফতরের মিডিয়া বিভাগের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল ফরহাদ বলেন, জমিটি সরকার অধিগ্রহণ করেছে। তাকে এ বাবদ টাকাপয়সাও দেওয়া হয়েছে। কিন্তু তিনি মালিকানা দাবি করে আদালতে রিট করেছেন। তিনি সেখানে টিনসেড করে একটি কুরিয়ারকে ভাড়া দিয়েছেন। তিনি যে মামলা করেছেন সেই মামলায় রায় পেলে সরকার জমি ছেড়ে দেবে।


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর