১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগের কার্যাবলী থেকে দিবসটি বাদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে এটি গেজেটে প্রকাশিত হয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়। প্রায় ১০ মাস পর ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলী থেকে এই কর্মসূচি বিলুপ্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনের) ক্যাবিনেট বিভাগের-৯-এর এ নম্বর আইটেম ও তদপুরিতে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত হবে।
উল্লেখিত ৯ (এ) নম্বরে উল্লেখ আছে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন’ ।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। এ দিন সরকারি ছুটি থাকত এবং এটি ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে সারাদেশে পালিত হতো।
/এএস




