রাজধানীর আবহাওয়া বৈরী হওয়ার কারণে ঢাকামুখী চারটি ফ্লাইট চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
ফ্লাইটগুলো হলো- এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট, এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ও ইউএস-বাংলার দুটি ফ্লাইট।
বিজ্ঞাপন
শনিবার (৩১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক এসএম রাগিব সামাদ।
এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিলও বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার আরাবিয়া ফ্লাইট ৫১৪ শনিবার বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে বিকেল ৪টা ৩৪ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে কক্সবাজার থেকে ঢাকাগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকায় না গিয়ে চট্টগ্রামে ডাইভার্ট করে বিকেল ৪টা ৩২ মিনিটে অবতরণ করে।
বিজ্ঞাপন
রাজশাহী থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা একটি ফ্লাইট বিকেলে ঢাকায় অবতরণ করার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে সেই ফ্লাইটটি চট্টগ্রামে ডাইভার্ট করায় বিকেল ৪টা ৪৭ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
একই কারণে সৈয়দপুর থেকে ঢাকাগামী ইউএস-বাংলা অপর একটি ফ্লাইট (বিএস-১৮৮) বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকার আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে আবার ঢাকায় ফিরে যাবে বলে জানান শাহ আমানত বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।
এমআইকে/এএইচ




