নিজ নিজ পেশাগত কাজের বাইরেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা ধরণের কাজ করে থাকেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। করোনাকালে ঢাকার বস্তিতে বস্তিতে ঘুরে নিম্নআয়ের মানুষের হাতে পৌঁছে দিয়েছে খাবার। গৃহহীনদের ঘরও তুলে দিয়েছেন সদস্যরা। গতবছরের ধারাবাহিকতায় এবারও তারা শুরু করেছেন বৃক্ষরোপণ অভিযান।
এ বছর সারাদেশে নানা সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা গাছ লাগাবেন নিজ নিজ কর্মস্থল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে।
বিজ্ঞাপন
গতবছর নিজ নিজ দফতরে নানা ধরণের ফলদ, ঔষুধি গাছ লাগিয়েছেন সংগঠনের সদস্যরা। দুই হাজারের মতো সদস্যের ৩১ শ গাছ লাগানোর টার্গেট দেওয়া হলেও গতবার সে সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী ঢাকা মেইলকে বলেছেন, আমরা এবার টার্গেট করেছি শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের সহকর্মীরা নিজ নিজ কর্ম এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগাবেন। এবার আমরা টার্গেট করেছি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানোর। শুক্রবার ঢাকা কলেজে ৩০টির মতো গাছ লাগিয়ে এই কর্মসূচি শুরু হলো। আশা করি- ছয় হাজারের বেশি গাছ লাগানো সম্ভব হবে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা পর্যাপ্ত গাছ লাগাতে পারব। ৩১তম বিসিএসের সদস্যরা শুধু বৃক্ষ রোপণই করে না, বৃক্ষরোপণের পর তার পরিচর্যা করে এই কারণে অন্যদের বৃক্ষরোপণের চেয়ে আমাদের বৃক্ষরোপণ কিছুটা হলে ব্যতিক্রম ও টেকসই। ইতোমধ্যে ফরিদপুরসহ বেশ কিছু জায়গায় গতবছর লাগানো গাছে আমসহ নানা প্রজাতির ফল ও ফুল এসেছে।
৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল সবাইকে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
বিজ্ঞাপন
ঢাকা কলেজের বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আহসান হাবীব জিতু, মাহফুজুল ইসলাম, শুভ দাস, কবির জুয়েল, শাহ আলম কিরণ শিশির, নাজমুল ইসলাম, গণেশ ঢালী, মো. জাকারিয়া, তানিয়া হাসিন, কামরুল ইসলাম, সবুজ হাওলাদার, মেহেদী মাসুদ ফয়সাল, মো. মুকিব ও মুশফিকুর রহমান প্রমুখ।
বিইউ/এইউ

