মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

রাহাত ফতেহ আলী খানের কনসার্ট ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

রাহাত ফতেহ আলী খানের কনসার্ট ঘিরে যান চলাচলে বিশেষ নির্দেশনা

আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রখ্যাত পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্টকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।


বিজ্ঞাপন


নির্দেশনা অনুযায়ী, ২১ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহারকারীরা টোল ব্যতীত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়-

১। স্টাফরোড রেল গেইট হতে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত টঙ্গি-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে। বিধায় উল্লিখিত সময়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।
২। দুপুর ০২:০০ ঘটিকা হতে রাত ১১:০০ ঘটিকা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প ব্যবহারকারীগণ টোল ব্যতীত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।
৩। উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহনসমূহ রেডিসন হোটেলের পূর্বে ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন।
৪। গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহনসমূহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র‍্যাম্প ব্যবহার করতে পারবেন।
৫। এয়ারপোর্ট/উত্তরা/টঙ্গীগামী যানবাহনসমূহ বনানী র‍্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবেন।
৬। ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপটি বন্ধ থাকবে।
৭। ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র‍্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবেন।

dmp


বিজ্ঞাপন


র‍্যাম্প ব্যবহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এর আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ প্লাটফর্ম। তাদের এই আয়োজনের জন্য ভেন্যু ভাড়া মওকুফ করেছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। এই কনসার্টে বিনাপারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান।

ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর