বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
ফাইল ছবি

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন পাওয়া গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীতে কয়েকটি কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

শফিকুল আলম বলেন, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের অন্য যেকোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

এর আগে, ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার জেরে আজও যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেকেই আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

এ ছাড়া মাদক সেবনকে কেন্দ্র করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যেও রোববার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর