বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ছাত্র আন্দোলন ঘিরে প্রতিটি হত্যার ‘নির্মোহ’ তদন্ত চায় সুজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

ছাত্র আন্দোলন ঘিরে প্রতিটি হত্যার ‘নির্মোহ’ তদন্ত চায় সুজন
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে সারাদেশে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। পুরোনো ছবি।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা চলাকালে প্রত্যেকটি প্রাণহানির ঘটনার নির্মোহ তদন্ত দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। একইসঙ্গে ঢালাওভাবে মামলা, গ্রেফতার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জাননো হয়।

শুক্রবার (২৬ জুলাই) সুজনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে সৃষ্ট অচলাবস্থা এখনও নিরসন হয়নি। সহিংতায় মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা দু’শ ছাড়িয়েছে। সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের ফলে এতো প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সুজন মনে করে। এতে দেশে গণতন্ত্র ও সুশাসনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো অধিকার আদায়ের লড়াইয়ে এতো প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রত্যেকটি প্রাণই গুরুত্বপূর্ণ। কোনো কিছুর বিনিময়ে তা পূরণ হবার নয়।

সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা নিরপেক্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করে প্রত্যেকটি হত্যার নির্মোহ তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে ঢালাওভাবে মামলা ও গ্রেফতার বন্ধ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমরা আরও মনে করি, আন্দোলনের নামে সহিংসতা চালানো এবং সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ভবিষ্যতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামর্থ্য ও প্রস্তুতি বাড়ানো দরকার বলেও আমরা মনে করি।’

সুজন নেতৃদ্বয় বলেন, কিছুটা দেরিতে হলেও আদালতের নির্দেশনা মেনে কোটা পদ্ধতির সংস্কার করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এ আন্দোলনকে ঘিরে ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের নতুন করে হয়রানি করা না হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় সেদিকে দৃষ্টি দিতে আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

তারা আরও বলেন, ‘বর্তমান লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতির কারণে আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো প্রায়ই রণক্ষেত্রে পরিণত হয় ও শিক্ষার পরিবেশ ব্যাহত হয় এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে ছাত্রনেতাদের হাতে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত ও নিগৃহীত হয়, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধিত) অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী, নিবন্ধিত দলের অঙ্গ ও সহযোগী সংগঠন রাখা বেআইনি।


বিজ্ঞাপন


সুজন নেতৃদ্বয় বলেন, সরকারের উচিত কোটা আন্দোলনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীসহ মানুষ কেন এতো ক্ষুব্ধ তা উপলব্ধিতে আনার চেষ্টা করা। আমাদের আশঙ্কা যে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে জনবিস্ফোরণ হয়েছে তা রোগের উপসর্গমাত্র। মূল রোগ হলো ভোটাধিকার থেকে শুরু করে জনগণের অন্যান্য নাগরিক অধিকার না পাওয়ার বঞ্চনা। তাই স্থায়ীভাবে সংকটের নিরাময় ঘটাতে হলে উপসর্গের নয়, রোগের চিকিৎসা আবশ্যক। এ লক্ষ্যে সকল অংশীজনকে বিশেষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনতিবিলম্বে সংলাপের আয়োজন এবং গুরুতর সমস্যাগুলোর একটি টেকসই সমাধানে পৌঁছার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এবং তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সকল ধরনের অচলাবস্থা নিরসনের জোর দাবি জানাচ্ছি।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর