বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান মানবাধিকার কমিশন চেয়ারম্যানের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ১১:৩২ এএম

শেয়ার করুন:

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান মানবাধিকার কমিশন চেয়ারম্যানের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সুইজারল্যান্ডের জেনেভায় ৬-৮ মে তিন দিনব্যাপী গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের (জিএএনএইচআরআই) বার্ষিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। 

বুধবার (৮ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক অংশ নেন।


বিজ্ঞাপন


সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার (৭ মে) জিএএনএইচআরআই সভাপতি মারইয়াম আল আতিয়ার সভাপতিত্বে সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনব্যাপী নানাবিধ কার্যক্রম সম্পাদিত হয়। জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের আঞ্চলিক নেটওয়ার্কগুলোর সভাপতিগণ সভায় তাদের বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেন। 

আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে অংশীদার খুঁজুন, আইওএমকে প্রধানমন্ত্রী

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ও মানবিক আবেদন জানান। 

তিনি বলেন, বিশ্বব্যাপী রাষ্ট্রহীন ও উদ্বাস্তু মানুষের সমস্যাগুলো জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ গভীরভাবে উপলব্ধি করে। রোহিঙ্গা জনগোষ্ঠী বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে রাষ্ট্রহীন ও উদ্বাস্তু হয়েছে। তাদের জীবনযাপনের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত ও অবহেলিত হয়েছে। এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সংকটের তাৎপর্য উপলব্ধি করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। 


বিজ্ঞাপন


চেয়ারম্যান রোহিঙ্গা সংকট কার্যকরভাবে নিরসন এবং তাদের মানবাধিকার সুরক্ষার সবচেয়ে ফলপ্রসূ উপায় হিসেবে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশন এবং মিয়ানমার কর্তৃপক্ষকে অবিলম্বে স্বদেশে প্রত্যাবাসনের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।  
 
বিইউ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর