বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রোম ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ এএম

শেয়ার করুন:

রোম ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে বিমান
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ঢাকা-রোম-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২৬ মার্চের মধ্যে টিকিট কাটলে ১০ থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। 

বৃহস্পতিবার দুপুর থেকে বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকিটসমূহ উন্মুক্ত করা হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তাতে বলা হয়, যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। নতুন রুট উপলক্ষে বিশেষ ছাড় চলছে। আজ থেকে ২৬ মার্চের মধ্যে বিমান এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGROME15 ব্যবহার করে ১৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিমান কল সেন্টার, নিজস্ব টিকিট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করলে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশে বিমান এর প্রথম ফ্লাইট যাত্রা করবে। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২টায় রোমের উদ্দেশে যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত পৌনে ১২টায়।

তবে ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৩টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ৯টা ১০ মিনিটে এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১২টা ৩০ মিনিটে।

ঢাকা-রোম রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৬৪ হাজার ৩৫৫ টাকা থেকে শুরু হবে এবং রাউন্ড ট্রিপ টিকিটের মূল্য শুরু হবে ১ লাখ ৪ হাজার ৫৬৮ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাসে ঢাকা-রোম রুটে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ১ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ২ লাখ ৫৮ হাজার ৫৬৮ টাকা থেকে।

রোম-ঢাকা রুটে ইকোনমি ক্লাশে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৪৮ হাজার ৭৮৮ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ৮৯ হাজার ৮৫২ টাকা থেকে। বিজনেস ক্লাসের ক্ষেত্রে একমুখি ও রাউন্ড ট্রিপ ভাড়া শুরু হবে যথাক্রমে ১ লাখ ২২ হাজার ৬৬৩ ও ২ লাখ ২২ হাজার ২৩৬ টাকা থেকে। মুদ্রা বিনিময় হার, সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।

ফ্লাইটের সিডিউল, সময়সূচি ও টিকিটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য বিমান এর ওয়েবসাইট WWW.BIMAN- AIRLINES.COM থেকে পাওয়া যাবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রোম ফ্লাইট চালু হয় এবং ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে রোম ফ্লাইট বন্ধ ছিল।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর