নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যস্বত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এতে অভিবাসন ব্যয় কমে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অভিবাসন ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দুই-তিন স্তরের মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিকহারে বেড়ে যায়।
এছাড়াও তিনি সবাইকে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।
মতবিনিময় সভায় সচিব বলেন, আমাদের লক্ষ্য নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন। এক্ষেত্রে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে।
রুহুল আমিন বলেন, প্রবাসী কর্মীদের সামগ্রিক সুরক্ষায় সকল অংশীজনের দায়িত্বশীল ভূমিকা খুবই জরুরি।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বায়রার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরীসহ অন্যান্য নেতারা।
এমআইকে/জেবি




