অভিবাসন খাতে নারী কর্মীদের অবস্থা নিয়ে প্রতিবেদন করায় ৮ম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা মেইল এর জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরুল কায়েস। তিনি অনলাইন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন। এর আগে, ২০১৯ সালের ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ডের এই ক্যাটাগরিতে প্রথম হিসেবে পুরস্কার পান তিনি।
রোববার (১৭ ডিসেম্বর) ব্র্যাক সেন্টারে তার হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম।
ইমরুল কায়েসকে (মোস্তফা ইমরুল কায়েস) ২০২২ সালে ঢাকা মেইলে প্রকাশিত ‘রেমিটেন্সে রেকর্ড হলেও বদলায়নি নারী কর্মীদের অবস্থা’ শিরোনামের প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
এ বছর অনলাইন সংবাদপত্র বিভাগে প্রথম পুরস্কারটি জিতেছেন জাগোনিউজ২৪ এর মো. জাহাঙ্গীর আলম। দ্বিতীয় হন ঢাকা পোস্টের আদনান রহমান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা মেইলের মো. ইমরুল কায়েস।

সংবাদপত্র জাতীয় বিভাগে দৈনিক সমকালের আবু যর আনসার উদ্দিন আহমদ (রাজীব আহাম্মদ) প্রথম স্থান অধিকার করেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’র মো. মাসুম বিল্লাহ দ্বিতীয় এবং দৈনিক বাংলার জেসমিন আকতার তৃতীয় স্থান অধিকার করেন।
সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে প্রথম হন একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দ্বিতীয় হন দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং দৈনিক জৈন্তা বার্তার মোছা. শাকিলা আক্তার ববি তৃতীয় স্থান অধিকার করেন।
টেলিভিশন নিউজ বিভাগে যমুনা টেলিভিশনের সালাউদ্দিন আহমেদ (আহমেদ রেজা) প্রথম স্থান অধিকার করেন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ দল এবং এই দলের দুই অনুসন্ধানী সংবাদিক এনামুল হক ও মো. নাজমুল সাইদ। টেলিভিশন নিউজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছেন নিউজ২৪-এর মো. খন্দকার বদরুল আলম।
মিডিয়া অর্গানাইজেশন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বাংলা টিভি। রেডিও বিভাগে পুরস্কার লাভ করেন ইরানের রেডিও তেহরানের নিলয় রহমান।
প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং পুরস্কারের অর্থমূল্যের চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আয়েশা হক, ব্র্যাকের সহযোগী পরিচালক, মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম, শরিফুল হাসানসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
ইমরুল কায়েস এর আগে ২০১৯ সালে সৌদিতে নারী কর্মীদের নির্যাতনের চিত্র নিয়ে প্রতিবেদন করে অনলাইন ক্যাটাগরিতে নিউজ পোর্টাল প্রিয় ডটকম থেকে প্রথম পুরষ্কার অর্জন করেন। তিনি অপরাধ, অভিবাসন ও এভিয়েশন খাত নিয়ে নিয়মিত রিপোর্টিং করেন। নারীদের স্বাস্থ্য নিয়ে ২০১৭ ঋতু ফেলোশিপ অর্জন করেন তিনি।
ইমরুল কায়েস ২০১৩ সালে অনলাইন পোর্টাল অর্থসূচক দিয়ে ঢাকায় সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি বাংলানিউজ, দৈনিক বর্তমান, প্রিয় ডটকম ও দৈনিক সময়ের আলোতে কাজ করেন। সর্বশেষ তিনি সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল এ জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
এছাড়াও তিনি ছাত্র জীবনে রংপুর শহর থেকে প্রকাশিত দৈনিক দাবানল, যুগের আলো ও বাহের সংবাদ পত্রিকায় কাজ করেন।
এমআইকে/এএস




