বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে মুক্ত গণমাধ্যমের দেশে পরিণত করেছে আ.লীগ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশকে মুক্ত গণমাধ্যমের দেশে পরিণত করেছে আ.লীগ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ বাংলাদেশকে মুক্ত গণমাধ্যমের দেশে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে মানুষ যত বেশি, সংবাদপত্র তার চেয়েও বেশি। উন্নত দেশেও এত সংবাদপত্র নেই। এর বাইরেও দেশে বর্তমানে ৩৩টি বেসরকারি টেলিভিশন সম্প্রচারে আছে। আরও ১৫টা সম্প্রচারের অপেক্ষায়।

সাংবাদিকদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এর বাইরেও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অসুস্থ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিয়ে থাকি। আজ এখানে আসার আগেও কিছু ফাইল দেখে এসেছি, সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি।

সরকারপ্রধান বলেন, জাতির পিতা নিজেও সাংবাদিক ছিলেন। যার কারণে আপনাদের মাঝে এলে আমি দাবি করি, আমি আপনাদেরই পরিবারের একজন। সাংবাদিক কলাকুশলীদের যাতে কর্মসংস্থান হয়, সমস্ত কিছু বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছি। তথ্য অধিকার আইন, তথ্য কমিশন ও জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ করেছি। 

অনুষ্ঠানে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে সেদিন যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তা দুঃখজনক।

‘২৮ অক্টোবর সমাবেশ করতে চেয়েছে বিএনপি। আরও কয়েকটি ছোট ছোট দল ছিল। আমরা বাধা দেইনি। তারা কথা দিয়েছিল শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু দেখা গেল শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করল। তাদের লক্ষ্যবস্তু দেখা গেল সাংবাদিক ও পুলিশ। সাংবাদিকদের যেভাবে মাটিতে ফেলে পেটানো হলো, নির্যাতন চালানো হলো এটা অমানবিক। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর দেখা যায়নি। এটা কেন করা হলো। সেই প্রশ্নের উত্তর বিএনপিকে দিতে হবে। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের শাস্তি পেতেই হবে।-বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দিয়েছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ২১ বছর পর ক্ষমতায় আসার পর প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা সরকারে ছিলাম। সরকারে আসার পর মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য ছিল। প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দেই।

শেখ হাসিনা বলেন, যুদ্ধে বিজয়ী হওয়া বাঙালি জাতি যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর। জাতির পিতার সেই লক্ষ্য বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমি দেশে ফিরে আসি। তিন বছর সাত মাস তিনি সময় পেয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি স্বল্পোন্নত দেশে পরিণত করতে চেয়েছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা হবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর