নৌ পুলিশের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। নৌপথে আগে যে ভয় ছিল এখন তা অনেকাংশেই কমে এসেছে বলে জানিয়েছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নৌ পুলিশের সদর দফতরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম বলেন, নদীতে জলদস্যুতা ও ডাকাতির সময় অনেক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সকল নদীকে নিরাপদ করতে সক্ষম হবে নৌ পুলিশ।
তিনি বলেন, পূজামণ্ডপে কোনো নারী যেন ইভটিজিংয়ের শিকার না হয়, সেজন্য প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়।
অতিরিক্ত আইজিপি আরও বলেন, বিসর্জন ঘাটগুলোকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি বিসর্জন ঘাটে স্বেচ্ছাসেবক রাখতে হবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। সাঁতার জানে এমন কয়েকজন ছেলেকে বাছাই করতে হবে।
নৌ পুলিশ প্রধান বলেন, নামাজ ও আজানের সময়ে সাউন্ড একেবারে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। যাতে নামাজে সমস্যা সৃষ্টি না হয়। এছাড়া যারা পরীক্ষার্থী আছেন, তাদের যাতে কোনো সমস্যা না সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
বিজ্ঞাপন
এসময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটি, বিভিন্ন জেলার পূজা উদযাপন কমিটির নেতা ও বিভিন্ন জেলার নৌ পুলিশের পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এমআইকে/এএস

