সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

‘সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারে সরকার’
সর্বজনীন পেনশন স্কিম । ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার উন্নয়নকাজের জন্য সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে ‘সামাজিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কিম’ নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেমোক্রেসি ফর ডিবেট (ডিএফডি) বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করে।

পেনশন স্কিম থেকে ঋণ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়নকাজে বিদেশি ও অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেওয়ার আরও একটি উৎস যোগ হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমে আসবে।

Porikolpona-montri
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান । ফাইল ছবি

তিনি বলেন, বড় বড় প্রকল্পের কারণে বর্তমানে দেশের অর্থের প্রবাহ বেড়েছে। একই সঙ্গে দুর্নীতিও বাড়ছে। দেশে উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে। কেউ কেউ ব্যাংকের বড় অঙ্কের টাকা লোপাট করে ইউরোপ, আমেরিকা, কানাডা, দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করছেন। 

মন্ত্রী আরও বলেন, ব্যাংকিং খাতেও প্রভাবশালীরা অর্থ লুটপাটের ঘটনায় জড়িত। একটি অংশ ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না। এদিকে সরকারকে নজর দিতে হবে। টাকা পাচারের সঙ্গে জড়িত অনেককেই আইনের আওতায় আনা উচিত। 

তিনি বলেন, যারা সর্বজনীন পেনশন স্কিমকে নির্বাচনী তহবিল জোগানোর উদ্যোগ হিসেবে দেখছেন, তাদের সমালোচনা যথার্থ নয়। পেনশন খাতে জমাকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে। এর জন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে। 

ডিএফডি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলকে পরাজিত করে সরকারি তিতুমীর কলেজ দল চ্যাম্পিয়ন হয়।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর