বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বিটিআই প্রতারণা: মার্শাল এগ্রোভেটের বিরুদ্ধে মামলা করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

বিটিআই প্রতারণা: মার্শাল এগ্রোভেটের বিরুদ্ধে মামলা করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সরবরাহ করা মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে প্রতারণার দায়ে মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এরইমধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ডিএনসিসি। এছাড়াও মশার লার্ভা নিধনের ব্যাকটেরিয়া বিটিআই আমদানিতে উত্থাপিত জালিয়াতির অভিযোগ ও টেন্ডার প্রক্রিয়াসহ সার্বিক বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ডিএনসিসি।

শুক্রবার (১৮ আগস্ট) বিষয়টি নিয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশ জারি করা হয়।


বিজ্ঞাপন


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক সরবরাহ কাজে (দরপত্র আইডি-৮১৩৮৩৪) সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি.’ কর্তৃক সরবরাহকৃত পাঁচ হাজার কেজি জৈব কীটনাশক ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস বা বিটিআই বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., সিঙ্গাপুর এর উৎপাদিত এবং তাদের নিকট হতে সংগ্রহ করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। কিন্তু সরবরাহকৃত বিটিআই বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., সিঙ্গাপুর এর উৎপাদিত এবং সরবরাহকৃত নয় মর্মে ওই কোম্পানির ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে।

সরবরাহকৃত বিটিআই বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., সিঙ্গাপুর এর উৎপাদিত এবং সরবরাহকৃত কিনা অবিলম্বে এতদসংক্রান্ত সব প্রমাণ দাখিলসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদানের জন্য মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. কে পরপর ২টি পত্র দ্বারা ব্যাখ্যা চাওয়া হয়। গত ১৭ আগস্ট মার্শাল এগ্রোভেটের প্রেরিত পত্রের বিষয়ে মশক নিধন কীটনাশক ও যন্ত্রপাতি কারিগরী ও যাচাই কমিটির একই দিন অনুষ্ঠিত সভায় পর্যালোচনা করা হয়। পর্যালোচান্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরবরাহকৃত ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস বা বিটিআই পণ্যটি যে বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. সিঙ্গাপুর এর উৎপাদিত এবং সরবরাহ করা হয়েছে এর স্বপক্ষে কোনো প্রমাণাদি দাখিল করতে পারে নাই।

এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য ডিএনসিসির ভাণ্ডার ও ক্রয় বিভাগের দাফতরিক ই-মেইল হতে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. সিঙ্গাপুর হতে মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিটিআই সরবরাহ করা হয়নি এবং মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওই প্রতিষ্ঠানের নিযুক্ত পরিবেশক না। এছাড়া মার্শাল এগ্রোভেট মি. লি কিয়াং যিনি বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিটিআই এক্সপার্ট ও রফতানি ব্যবস্থাপক বলে দাবি করেছেন, তিনি বেস্ট কেমিক্যালের কর্মচারী নন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মশা নিধনের ব্যাকটেরিয়া আমদানিতে উত্থাপিত জালিয়াতির অভিযোগ ও টেন্ডার প্রক্রিয়াসহ সার্বিক বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ডিএনসিসি। আদেশে উল্লেখ করা হয় তদন্ত কমিটি আগামী দশ কার্যদিবসের মধ্যে উত্থাপিত অভিযোগের বিষয়টি তদন্ত করে লিখিত প্রতিবেদন দাখিল করবেন এবং ওই কমিটিকে স্বাস্থ্য বিভাগ সব সাচিবিক সহযোগিতা প্রদান করবে।


বিজ্ঞাপন


ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিটিআই আমদানিতে প্রতারণায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সরবরাহকারী প্রতিষ্ঠানকে ইতোমধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ডিএনসিসির সম্মানহানি করায় প্রতারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি। দুর্নীতির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। জালিয়াতির অভিযোগ ও টেন্ডার প্রক্রিয়াসহ সার্বিক বিষয় তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রতিবেদনের ভিত্তিতে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

উল্লেখ্য, মার্শাল এগ্রোভেট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকেও মশার ওষুধ সরবরাহ করে থাকে।

ডিএইচডি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর