হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি-বিদেশি দুটি এয়ারলাইন্সের উড়োজাহাজের চাকায় পাখির ধাক্কা লেগেছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ দুটির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে উড়োজাহাজ দুটির উড্ডয়ন বাতিল করতে হয়েছে পাইলটকে।
শনিবার (১২ আগস্ট) সকালের দিকে এই ঘটনা ঘটে। বিকেলে বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে কর্তৃপক্ষের কেউ এ ব্যাপারে মুখ খুলছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, অল্প সময়ের ব্যবধানে ঘটনা দুটি ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৮৮ ফ্লাইটটি ঢাকা থেকে ব্যাংকক যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় চাকায় পাখির ধাক্কা লেগে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন পাইলট জানান, পাখির সাথে ধাক্কা লাগায় চাকাটি ফেটে যায়। ফলে তারা উড্ডয়ন বাতিল করেন এবং যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামিয়ে দেন। পরে যাত্রীদের আরেকটি ফ্লাইটে ব্যাংকক পাঠানো হয়। সেই উড়োজাহাজটি এখন রেস্টে রাখা হয়েছে৷
এদিকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটিও ওড়ার সময় চাকায় একইভাবে পাখির ধাক্কা লাগে। ফলে উড়োজাহাজটির দুটি চাকা গলে যায়। এছাড়াও ইঞ্জিনের তিনটি ব্লেড কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এবং বিমানের সংশ্লিষ্টদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এমআইকে/জেবি




