ওজন কমাতে গ্রিন পানের জুরি নেই। তবে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আরেকটি সবুজ চা-‘মাচা টি’। দুটি চা-ই দেখতে সবুজ হলেও এদের উৎপাদন ও কার্যকরিতায় রয়েছে ভিন্নতা। এক কাপ মাচা টি ১০ কাপ গ্রিন টির সমান বলে দাবি করেন অনেকে। একই গাছের ভিন্ন দুটি চা পাতার আসল পার্থক্য কী এবং আপনার শরীরের জন্য কোনটি বেশি উপকারী তা জেনে নিন আজকের প্রতিবেদনে।
গ্রিন টি ও মাচা টি’র পার্থক্য

একই গাছের ভিন্ন দুটি রূপ হলো গ্রিন টি ও মাচা টি। ক্যামেলিয়া সাইনেনসিস গাছ থেকে এই চাই উৎপন্ন করা হয়। তবে গাছ একই হলেও এদের উৎপাদন পদ্ধতি ভিন্ন। ফলে এদের পুষ্টিগুণ ও কার্যকারিতায়ও রয়েছে ব্যাপক পার্থক্য-
আরও পড়ুন: মেদ ঝরাবে ভেষজ চা
গ্রিন টি: গ্রিন টি তৈরিতে চা পাতা সাধারণত সরাসরি রোদে শুকানো হয়। এই শুকনো পাতাই প্যাকেটজাত করে বাজারে বিক্রি হয়।

পানের পদ্ধিতি: এই পাতা গরম পানিতে ভিজিয়ে এর লিকার বা নির্যাসটুকু আমরা পান করে অবশিষ্ট অংশগুলো ফেলে দিই।
মাচা টি: মাচা টি চাষের পদ্ধতি পুরোপুরি ভিন্ন। চা বাগান থেকে ফসল তোলার কয়েক সপ্তাহ আগে গাছগুলোকে ছায়ায় রাখতে হয়। তাই সেগুলোকে বিশেষ এক পদ্ধতিতে ঢেকে দেন বাগানীরা। এসময় পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল ও পুষ্টি উপাদান বৃদ্ধি পায় যা পাতার রংকে গাঢ় সবুজ করে।
আরও পড়ুন: খালি পেটে চা, কফি বা ফলের রস খাওয়া কি আসলেই ক্ষতিকর?
নির্দিষ্ট সময় পর এই পাতা শুকানো হয়। এরপর শুকনো পাতাগুলো পাথর দিয়ে পিষে একদম মিহি গুঁড়ো বা পাউডার তৈরি করা হয়। এই পাউডারই মূলত মাচা টি।

পানের পদ্ধতি: এই চা পান করার পদ্ধতিও গ্রিন টির চেয়ে আলাদা। এই চায়ের গুঁড়ো পানির সঙ্গে ভালো করে মিশিয়ে পান করা হয়। এতে চায়ের পুরো পুষ্টি উপাদানই আমরা পাই।
আপনার জন্য কোনটি স্বাস্থ্যকর?
গ্রিন টি ও মাচা টি উভয়েই বেশ স্বাস্থ্যকর পানীয়। তবে আপনার জন্য কোনটি বেশি স্বাস্থ্যকর তা নির্ভর করছে চাহিদার ওপর। এক কাপ মাচা টিতে প্রায় ১০ কাপ সাধারণ গ্রিন টির সমান অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। মাচা টিতে থাকা উচ্চমাত্রার ইজিসিজি শরীরের মেটাবলিজম বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে বেশ কার্যকরী।

এছাড়া, মাচায় গ্রিন টির চেয়ে অনেক বেশি ক্যাফেইন থাকে। ফলে এই চা পান করলে শরীর হঠাৎ চাঙ্গা হয়ে আবার অলস হয়ে পড়ে না। যেমনটা হয় কফির ক্ষেত্রে।
মাচায় আরও থাকে ‘এল-থিয়ানিন’ নামক অ্যামিনো অ্যাসিড যা ক্যাফেইনের সঙ্গে মিশে দীর্ঘ সময় ধরে শরীর ও মনকে শান্ত রাখে ও মনোযোগ বাড়ায়।
তাই, আপনি যদি কম ক্যাফেইন গ্রহণ করতে চান এবং সহজে তৈরি করা যায় এমন পানীয় পছন্দ করেন তবে আপনার জন্য সাধারণ গ্রিন টি সেরা। আর দ্রুত শরীরের ক্লান্তি দূর করে মনকে চাঙ্গা করতে চাইলে এবং এক কাপেই সর্বোচ্চ পুষ্টি ও চায়ের প্রকৃত স্বাদ পেতে চাইলে আপনার জন্য সেরা হবে মাচা টি।
এএ




