সারাদিনের কর্মব্যস্ততা আর ক্লান্তি শেষে শরীর চায় একটু আরাম আর শান্তির ঘুম। বিছানায় যাওয়ার আগে অনেকেই হাত-মুখ ধুয়ে নেয়। কেউবা মুখে মাখেন নাইট ক্রিম। কিন্তু চিকিৎসাবিজ্ঞান ও আয়ুর্বেদ শাস্ত্র বলছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র এক মিনিট খরচ করে পা ধোয়ার একটি অভ্যাস আপনার শরীরের ওপর অলৌকিক এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রাচীনকাল থেকেই দাদী-নানীরা রাতের বেলা পা ধুয়ে বিছানায় ওঠার পরামর্শ দিয়ে আসছেন। আধুনিক লাইফস্টাইল এবং চিকিৎসকদের মতে, এটি কেবল একটি সাধারণ পরিচ্ছন্নতার অভ্যাস নয়, বরং ছোট এই অভ্যাসটি থেরাপির মতো কাজ করে। ঘুমানোর আগে পা ধুলে শরীরে কী কী শারীরিক ও মানসিক উন্নতি হয় চলুন জেনে নিই-

অনিদ্রা দূর করে এবং গভীর ঘুম আনে
বর্তমান যুগে অসংখ্য মানুষ অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যায় ভুগছেন। রাতে বালিশে মাথা ঠেকিয়েও ঘন্টার পর ঘণ্টা ঘুম আসে না। চিকিৎসকরা বলছেন, ঘুমানোর আগে হালকা গরম বা সাধারণ পানিতে পা ধুলে তা শরীরের অতিরিক্ত তাপমাত্রা দ্রুত কমিয়ে আনে। বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী, শরীরের তাপমাত্রা কিছুটা কমলে মস্তিষ্ক ‘মেলাটোনিন’ নামক হরমোন ক্ষরণ শুরু করে, যা আমাদের দ্রুত এবং গভীর ঘুমে আচ্ছন্ন হতে সাহায্য করে।
মানসিক চাপ ও ক্লান্তি দূর করে
সারাদিন হাঁটাচলা বা জুতো-মোজা পরে থাকার কারণে পায়ের পেশিগুলো শক্ত ও ক্লান্ত হয়ে পড়ে। ঘুমানোর আগে পা ধোয়ার সময় যখন পায়ের স্নায়ুগুলোতে পানির স্পর্শ লাগে, তখন রক্তে ‘কর্টিসল’ বা স্ট্রেস হরমোনের মাত্রা কমতে শুরু করে। এটি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শান্ত করে। ফলে সারাদিনের ক্লান্তি, অফিসের কাজের চাপ বা মানসিক উদ্বেগ নিমিষেই দূর হয়ে মন সতেজ হয়ে ওঠে।

রক্ত সঞ্চালন উন্নত করে
সারা শরীর সচল রাখতে সঠিক রক্ত সঞ্চালন হওয়া অত্যন্ত জরুরি। পা ধোয়ার সময় যখন আলতো করে পা ঘষে পরিষ্কার করা হয়, তখন পায়ের ধমনী এবং শিরাগুলোতে রক্ত প্রবাহের গতি বাড়ে। বিশেষ করে যারা সারাদিন ডেস্কে বসে কাজ করেন, তাদের পায়ে রক্ত জমে যাওয়ার বা পা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে। রাতে পা ধুলে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় এবং হৃদযন্ত্রের ওপর চাপ কমে।
পেশির টান ও জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দেয়
অনেকেরই মাঝরাতে পায়ে তীব্র টান বা ক্র্যাম্প ধরার সমস্যা থাকে। আবার বয়স্কদের ক্ষেত্রে রাতে পায়ের জয়েন্টে বা গোড়ালিতে ব্যথা বাড়ে। ঘুমানোর আগে হালকা গরম পানিতে পা ধুয়ে নিলে পায়ের পেশিগুলোর জড়তা কেটে যায় এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়। ফলে পেশির খিঁচুনি বা ব্যথার সমস্যা থেকে স্থায়ী আরাম মেলে।

পায়ের দুর্গন্ধ এবং ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বা হাইজিনের দিক থেকেও এই অভ্যাস অপরিহার্য। সারাদিন জুতো-মোজা পরে থাকার ফলে পায়ে ঘাম বসে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের জন্ম হয়। রাতে পা না ধুয়ে বিছানায় উঠলে সেই জীবাণু বিছানায় ছড়ায় এবং পায়ে চুলকানি বা ‘অ্যাথলিটস ফুট’-এর মতো চর্মরোগ হতে পারে। ঘুমানোর আগে সাবান দিয়ে পা ধুলে পা ব্যাকটেরিয়ামুক্ত হয় এবং দুর্গন্ধ দূর হয়।
পা ধোয়ার সঠিক নিয়ম:
- ঘুমানোর অন্তত ১৫-২০ মিনিট আগে সাধারণ পানি বা হালকা ঈষদুষ্ণ গরম পানিতে পা ধুয়ে নিন।
- পা ধোয়ার পর নরম তোয়ালে দিয়ে আঙুলের ফাঁকের পানি ভালো করে মুছে শুকিয়ে নেওয়া জরুরি।
- পা শুকানোর পর সামান্য সর্ষের তেল বা নারকেল তেল দিয়ে পায়ের পাতায় ১ মিনিট মালিশ বা ম্যাসেজ করতে পারেন। এতে ঘুমের গুণগত মান আরও বাড়বে।

সুস্থ থাকা বা ভালো ঘুমানোর জন্য দামি ওষুধ বা থেরাপির প্রয়োজন নেই। প্রতিদিন রাতের ছোট্ট এই কাজটি শরীরে এনে দিতে পারে দীর্ঘমেয়াদী সুস্থতা ও মানসিক শান্তি।
এনএম




