সম্পর্কে সবাই সুখী হন না। যা চান তা মেলে না সবসময়। একসময় দুজনের মধ্যে যেন বলার মতো কোনো কথা থাকে না। অসুখী হলেও সেই সম্পর্ক থেকে সবাই বের হন না। কোনোরকমে এগিয়ে নিয়ে চলেন। কিন্তু কেন?
আপনি হয়ত জানেন, সম্পর্কে ভালো নেই। রোজকার অশান্তি, মানসিক দূরত্ব বা একাকিত্ব— সবই রয়েছে, যা থাকার নয়। তবু সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। কল্পনাতেও আসে না। আসলে বাইরে থেকে বিষয়টি যতটা সহজ লাগে, তেমনটা হয়ত নয়।

সম্পর্কে ভালোবাসা, সম্মান, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়ার মতো নানা বিষয় থাকে। সেসব মাপকাঠিকে বিচার করে যখন কোনো সম্পর্ককে অসুখী বলে চিহ্নিত করা হয়, তখনও অনেকে সম্পর্ক ভেঙে বের হতে পারেন না। মনোবিদদের মতে এর নেপথ্যে বেশ কয়েকটি কারণ থাকতে পারে—
একা হয়ে যাওয়ার ভয়
আলাদা হতে না চাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো, একা হয়ে যাওয়ার ভয়। অনেকেই মনে করেন, এই সম্পর্ক ভেঙে গেলে হয়তো আর কাউকে খুঁজে পাবেন না কিংবা নতুন করে জীবন শুরু করা সম্ভব হবে না। অনিশ্চয়তার আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কাই মানুষকে অসুখী সম্পর্কে আটকে রাখে বছরের পর বছর।

ভবিষ্যৎ বদলে যাওয়ার ভয়
একটি সম্পর্কে বহুদিন পর্যন্ত থাকার পর সেটি অভ্যাস হয়ে দাঁড়ায়। তখন আর সেই মানুষটিকে ছাড়া ভাবা যায় না। তবে সঙ্গীর থেকে দূরে যাওয়ার চেয়েও বেশি সমস্যা তৈরি করতে পারে কাল্পনিক ভবিষ্যৎ থেকে দূরে চলে যাওয়া। নিজের জন্য সবারই একটি ভবিষ্যতের প্ল্যান থাকে। তাকে আবার বদলে ফেলতে হবে এই ভয়টাও কাজ করতে পারে। অনিশ্চয়তার ভয় গ্রাস করে।
জমানো আবেগ আর স্মৃতি
সম্পর্কে আবেগ, সময় বিনিয়োগ করার অনুভূতি ঘিরে ধরে। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে দিলে এত বছরের স্মৃতি, ত্যাগ এবং একসঙ্গে কাটানো সময় যেন বৃথা হয়ে যাবে— এমন ভাবনা তৈরি হতে পারে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তখন কঠিন হয়ে ওঠে।

একদিন সব বদলে যাবে— এমন আশা
আশাও এখানে বড় ভূমিকা পালন করতে পারে। হয়তো আপনি আশা করেন, সম্পর্ক আবার একদিন শুরুর সময়ের মতো সুন্দর হয়ে উঠবে। সঙ্গী হয়তো আপনার গুরুত্ব বুঝবেন। একটা আশ্চর্য বদলের আশাও মানুষকে সম্পর্কে বেঁধে রাখে দিনের পর দিন। সেই আশা হয়তো কখনও দীর্ঘদিন পর মুছে, কখনোবা সারা জীবনেও মোছে না।
মনোবিদদের মতে, অসুখী সম্পর্ক হলেই তা ভেঙে ফেলার প্রয়োজন নেই। খোলামেলা কথা বলা, একে অপরকে মন দিয়ে শোনা এবং প্রয়োজন হলে পেশাদারের সাহায্য নেওয়ার মাধ্যমে পরিস্থিতি ভালো করা যেতে পারে। তবে সম্পর্কে নিয়মিত মানসিক, শারীরিক বা অন্য কোনো ধরনের নির্যাতন চলতে থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাই সবচেয়ে জরুরি।
এনএম




