বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বর্ষায় আসবাবের স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

বর্ষায় আসবাবের স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে
বর্ষায় আসবাবের স্যাঁতসেঁতে গন্ধ দূর করবেন যেভাবে

বর্ষা মানেই প্রকৃতির সজীবতা। তবে টানা বৃষ্টি আর বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ঘরের ভেতরে তৈরি করে এক ভিন্ন সমস্যা। আলমারি খুলতেই ভ্যাপসা গন্ধ, কাঠের টেবিলে ছত্রাকের দাগ কিংবা সোফা থেকে আসা স্যাঁতসেঁতে গন্ধ অনেকেরই পরিচিত অভিজ্ঞতা। এসবকে অনেকেই মৌসুমি ঝামেলা ভেবে এড়িয়ে যান। অথচ সময়মতো ব্যবস্থা না নিলে আসবাবের স্থায়ী ক্ষতি হওয়ার পাশাপাশি ঘরের পরিবেশও অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন 

আসবাব বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কাঠ, কাপড় ও ফোমজাতীয় উপকরণ বাতাসের আর্দ্রতা সহজেই শোষণ করে। দিনের পর দিন সূর্যের আলো না পাওয়া এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল না থাকায় সেই আর্দ্রতা শুকাতে পারে না। ফলে ছত্রাক, ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জন্মানোর অনুকূল পরিবেশ তৈরি হয়। এর ফলেই দেখা দেয় দুর্গন্ধ, দাগ এবং ধীরে ধীরে আসবাবের গুণগত মান নষ্ট হতে শুরু করে।

rain_1

যদি কোনো আসবাবে ইতোমধ্যে স্যাঁতসেঁতে গন্ধ বা ছত্রাক দেখা দেয়, তাহলে প্রথমেই সেটিকে এমন জায়গায় নিতে হবে যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। প্রাকৃতিকভাবে শুকাতে দেওয়াই সবচেয়ে ভালো। ছত্রাক চোখে পড়লে পরিষ্কার করার সময় মুখে মাস্ক ব্যবহার করা উচিত, কারণ পরিষ্কারের সময় ছত্রাকের অতি সূক্ষ্ম কণা বাতাসে ছড়িয়ে পড়তে পারে।

মৃদু সাবান-পানি দিয়ে পরিষ্কার করুন 

শুকিয়ে নেওয়ার পর নরম কাপড় বা কোমল ব্রাশ দিয়ে আস্তে আস্তে উপরের স্তরের ছত্রাক পরিষ্কার করতে হবে। এরপর আসবাবের উপকরণের সঙ্গে মানানসই মৃদু সাবান মিশ্রিত পানি বা উপযুক্ত পরিষ্কারক ব্যবহার করা যেতে পারে। কাপড় মোড়ানো সোফা বা চেয়ার হলে ভালোভাবে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে সম্পূর্ণ শুকানোর পর ব্যবহার করাই নিরাপদ।

rain_2

তবে অতিরিক্ত পানি বা শক্তিশালী রাসায়নিক ব্যবহার করা ঠিক নয়। এতে কাঠ, কাপড় কিংবা পালিশের ক্ষতি হতে পারে। যদি ছত্রাক কাঠের ভেতর বা আসবাবের গভীরে ছড়িয়ে পড়ে, তাহলে পেশাদার সেবাদাতার সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ।

দেয়াল থেকে সরিয়ে রাখুন 

বিশেষজ্ঞদের মতে, অনেক সময় আমাদের ছোট ছোট ভুলেই সমস্যা আরও বাড়ে। যেমন স্যাঁতসেঁতে দেয়ালের সঙ্গে আসবাব একেবারে লাগিয়ে রাখা হলে বাতাস চলাচলের সুযোগ কমে যায় এবং আর্দ্রতা আটকে থাকে। আবার হালকা ভ্যাপসা গন্ধ বা সামান্য স্যাঁতসেঁতে দাগকে গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন ফেলে রাখলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

rain_3

অনেকেই আসবাব রক্ষার জন্য দীর্ঘ সময় প্লাস্টিক দিয়ে ঢেকে রাখেন। কিন্তু বাতাস চলাচলের সুযোগ না থাকায় এতে উল্টো ভেতরে আর্দ্রতা জমে সমস্যা আরও বেড়ে যায়।

মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছুন 

বর্ষায় আসবাব ভালো রাখতে কয়েকটি সহজ অভ্যাস কাজে আসতে পারে। পরিষ্কার করার সময় ভেজা কাপড় ব্যবহার না করে আগে শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে ধুলো মুছে ফেলুন। প্রয়োজন হলে খুব অল্প ভেজা কাপড় ব্যবহার করুন।

rain_4

আলমারি, ড্রয়ার কিংবা বন্ধ ক্যাবিনেট প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য খুলে রাখুন। সম্ভব হলে এ সময় পাখা বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালিয়ে দিলে ভেতরে বাতাস চলাচল বাড়ে এবং দুর্গন্ধ জমতে পারে না।

টাইলস বা মার্বেলের মেঝের ওপর না রাখা 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আসবাব সরাসরি টাইলস বা মার্বেল মেঝের ওপর না রাখা। মেঝের আর্দ্রতা ধীরে ধীরে কাঠের ভেতরে ঢুকে ছত্রাকের ঝুঁকি বাড়াতে পারে। তাই আসবাবের পায়ার নিচে রাবারের ক্যাপ বা ফেল্ট প্যাড ব্যবহার করলে আর্দ্রতার প্রভাব অনেকটাই কমানো সম্ভব।

rain_5

বর্ষাকালে ঘরের আসবাবের যত্ন মানে শুধু সৌন্দর্য ধরে রাখা নয়, বরং দীর্ঘদিন ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করা। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত বাতাস চলাচল এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের মতো ছোট ছোট অভ্যাসই আসবাবকে ছত্রাক, দুর্গন্ধ ও অকাল ক্ষয় থেকে রক্ষা করতে পারে। একটু সচেতন থাকলেই পুরো বর্ষাজুড়ে ঘর থাকবে আরামদায়ক, পরিচ্ছন্ন এবং সতেজ।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর