বর্ষাকালে অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। একইসঙ্গে দেখা দেয় মাথার ত্বক বা স্ক্যাল্প তেলতেলে হয়ে যাওয়া। বর্ষায় মাথার চুলকানিও মারাত্মক হারে বেড়ে যায়। সাদা বা হলদেটে আঁশের মতো মরা চামড়া ওঠে এসময়। ডার্মাটোলজিস্টদের মতে, এর প্রধান কারণ আর্দ্রতা বা স্যাঁতসেঁতে আবহাওয়া। এই সময়ে বাতাসে ব্যাকটেরিয়ার পরিমাণও বাড়ে। ফলে স্ক্যাল্পে সহজেই সংক্রমণ হয়।
বর্ষাকালে স্ক্যাল্পের সমস্যা বেড়ে যায় কেন?
অতিরিক্ত আর্দ্রতা ও ঘাম
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ (Humidity) থাকে অনেক বেশি। ফলে শরীর ও মাথায় প্রচুর ঘাম হয়। আর্দ্র আবহাওয়ার কারণেই মাথার ঘাম সহজে শুকায় না। ঘাম ও স্ক্যাল্পের প্রাকৃতিক তেল একসঙ্গে মিশে মাথার ত্বকে একটি চটচটে আস্তরণ তৈরি করে। ফলে তেলতেলে ভাব হয়।

ছত্রাক বা ফাঙ্গাসের বংশবৃদ্ধি
স্ক্যাল্পে প্রাকৃতিকভাবেই ‘মেলাসেসিয়া’ (Malassezia) নামক এক ধরণের ফাঙ্গাস বা ছত্রাক থাকে। বর্ষার ভ্যাপসা, স্যাঁতসেঁতে পরিবেশে এই ফাঙ্গাসের বংশবৃদ্ধি ঘটে। অতিরিক্ত তেল ও ঘাম পেয়ে এই ফাঙ্গাস দ্রুত ছড়াতে শুরু করে। এর জেরে স্ক্যাল্পে ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি হয় এবং মাথার ত্বকের চামড়া খুশকি আকারে খসে পড়তে থাকে।
সেবোরিক ডার্মাটাইটিস
খুশকি হলে সারাক্ষণ মাথা চুলকায় ও সাদা ফ্লেক্স ঝরে পড়তে থাকে। কিন্তু ফাঙ্গাসের আক্রমণ বাড়লে তা ‘সেবোরিক ডার্মাটাইটিস’-এর রূপ নিতে পারে। এই সমস্যা হলে স্ক্যাল্পে লালচে ভাব দেখা যায়, অতিরিক্ত চুলকানি হয় এবং হলদেটে চামড়া উঠে আসে
দূষিত বৃষ্টির পানি ও নোংরা আবহাওয়া
শহরাঞ্চলে বৃষ্টির পানিতে প্রচুর ধুলোবালি, দূষণ ও জীবাণু থাকে। বৃষ্টিতে মাথা ভিজলে সেই নোংরা পানি স্ক্যাল্পের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয় এবং চুলকানি ও ইনফেকশন বাড়িয়ে তোলে।

মাথা ঠিকমতো না শুকনো
অনেকে গোসলের পর বা বৃষ্টিতে ভেজা চুল দীর্ঘক্ষণ বেঁধে রাখেন। স্ক্যাল্প দীর্ঘক্ষণ ভেজা বা স্যাঁতসেঁতে থাকলে সেখানে ফাঙ্গাস খুব দ্রুত বাসা বাঁধে। যা চুলকানি বাড়ায়।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়
নিয়মিত মাইল্ড শ্যাম্পু ব্যবহার
বর্ষায় চুল ভিজে থাকার জন্য অনেকে গোসল করতে চান না। এই অভ্যাস একদমই ভুল। সপ্তাহে অন্তত ২-৩ বার মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করুন। মাথার ত্বকে যেন ঘাম ও তেল জমতে না পারে সে দিকেও খেয়াল রাখুন।

অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন
খুশকি ও ফাঙ্গাস দূর করতে এমন শ্যাম্পু ব্যবহার করুন যাতে কিটোকোনাজল (Ketoconazole), জিঙ্ক পাইরিথিয়ন (Zinc Pyrithione - ZPT) বা স্যালিসিলিক অ্যাসিড (Salicylic Acid) রয়েছে। তবে এসব শ্যাম্পু রোজ ব্যবহার করবেন না। সপ্তাহে একবার ব্যবহারই যথেষ্ট।
আরও পড়ুন-
মাথার ত্বক শুকনো রাখুন
গোসলের পর বা বৃষ্টিতে ভিজলে নরম তোয়ালে দিয়ে চেপে পানি মুছে নিন এবং চুল সম্পূর্ণ শুকিয়ে নিন। চুল ভেজা থাকা অবস্থায় কখনই বাঁধবেন না।

তেল লাগানো বন্ধ রাখুন
বর্ষার চটচটে আবহাওয়ায় মাথায় অতিরিক্ত তেল দিয়ে রাখবেন না। তেল ফাঙ্গাসের খাদ্য হিসেবে কাজ করে এবং সমস্যা আরও বাড়িয়ে দেয়।
বৃষ্টির পানি লাগলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন
যদি কোনো কারণে বৃষ্টিতে মাথা ভিজে যায়, তবে বাড়ি ফিরেই দেরি না করে পরিষ্কার পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
এনএম




