শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জানুন ভয় কাটানোর সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জানুন ভয় কাটানোর সহজ কৌশল
শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জানুন ভয় কাটানোর সহজ কৌশল

দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। দীর্ঘদিনের প্রস্তুতি, প্রত্যাশা, পরিবারের চাপ আর নিজের স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা এই পরীক্ষার সময়টায় অনেক শিক্ষার্থীর মনেই তৈরি হয় এক ধরনের অস্থিরতা। বই খুললেই মনে হয় কিছুই মনে থাকছে না, পরীক্ষার হলে কী হবে সেই চিন্তা ঘুরপাক খায়, আবার অনেকে কেন্দ্রে ঢোকার আগেই নার্ভাস হয়ে পড়েন।

পরীক্ষার আগে এমন ভয় বা উদ্বেগ হওয়া অস্বাভাবিক নয়। বরং বড় কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের আগে শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই এটি দেখা দিতে পারে। ভয় বা চাপের সময়ে শরীরে স্ট্রেস হরমোনের কার্যক্রম বেড়ে যায়। ফলে বুক ধড়ফড় করা, হাত কাঁপা, মাথা ফাঁকা লাগা বা হঠাৎ কিছু মনে না পড়ার মতো অনুভূতি তৈরি হতে পারে।

exam-stress

তবে পরীক্ষার হলে যাওয়ার আগে বা প্রশ্ন হাতে পাওয়ার পর কয়েক সেকেন্ডের কিছু ছোট কৌশল মনকে স্থির করতে সাহায্য করতে পারে। এগুলো কোনো জাদুর সমাধান নয়, কিন্তু মুহূর্তের অস্থিরতা কমিয়ে মনোযোগ ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।

১০ সেকেন্ড: গভীর শ্বাসে ফিরিয়ে আনুন মন

উদ্বেগের সময় প্রথম কাজ হতে পারে নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দেওয়া। নাক দিয়ে ধীরে গভীর শ্বাস নিন, কয়েক মুহূর্ত ধরে রাখুন এবং তারপর ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন। এভাবে দুইবার করলেই শরীরকে একটি শান্ত সংকেত দেওয়া যায়।

অনেক সময় আমরা ভয় পেলে অজান্তেই দ্রুত শ্বাস নিতে থাকি। ধীর শ্বাস মস্তিষ্ককে বোঝায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। ফলে চিন্তার গতি কিছুটা কমে আসে এবং মনোযোগ বাড়ে।

breath

১০ সেকেন্ড: শরীরকে স্থির করে মনকে শান্ত করুন

পরীক্ষার আগে নার্ভাস লাগলে শরীরের ছোট একটি অংশের দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। যেমন, হাতের আঙুল বা বৃদ্ধাঙ্গুলির ওপর কয়েক সেকেন্ড মনোযোগ দেওয়া, চোখ বন্ধ করে নিজের শরীরের অনুভূতি খেয়াল করা।

এ ধরনের ছোট ‘গ্রাউন্ডিং’ কৌশল মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। কারণ ভয় সাধারণত তৈরি হয় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা থেকে। এখন, এই মুহূর্তে ফিরে আসতে পারলে চাপ কিছুটা কমে।

exam_2

১০ সেকেন্ড: শব্দ ও কম্পনের মাধ্যমে মনকে রিসেট করুন

চুপচাপ বসে ধীরে ধীরে মুখ বন্ধ রেখে হালকা ‘হুম’ শব্দ করার মতো কৌশলও অনেকের ক্ষেত্রে মন শান্ত করতে সাহায্য করতে পারে। এটি শরীরের স্বাভাবিক শান্ত হওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে।

তবে শুধু পরীক্ষার আগের ৩০ সেকেন্ডের কৌশলই যথেষ্ট নয়। ভালো ফলের জন্য প্রয়োজন নিয়মিত পড়াশোনা, পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং নিজের ওপর বিশ্বাস। শেষ মুহূর্তে অতিরিক্ত দুশ্চিন্তা করে নতুন কিছু শেখার চেয়ে আগে যা পড়েছেন তা শান্ত মাথায় মনে করার চেষ্টা করাই বেশি কার্যকর।

tension

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভয়কে শত্রু না ভাবা। সামান্য ভয় আপনাকে প্রস্তুত হতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত ভয় মনোযোগ নষ্ট করে। তাই পরীক্ষার হলে যাওয়ার আগে নিজেকে মনে করিয়ে দিন, “আমি প্রস্তুতি নিয়েছি, এখন শুধু শান্তভাবে নিজের সেরাটা দিতে হবে।” কারণ পরীক্ষায় শুধু জানা বিষয় নয়, শান্ত মনও অনেক বড় শক্তি।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর