ছোটবেলার কথা মনে আছে? প্রথমবার সাইকেলের প্যাডেলে পা রেখে ব্যালেন্স ধরে রাখার সেই আনন্দটা কিন্তু ভোলার মতো নয়। সাইকেল শুধু আমাদের নস্টালজিয়া নয়, আজকালকার এই ব্যস্ত জীবনে সুস্থ থাকার দারুণ একটা উপায়। যাতায়াতের মাধ্যম হোক কিংবা প্রতিদিনের ফিটনেস রুটিন, নিয়মিত সাইকেল চালানোর আসলে জুড়ি মেলা ভার।
চলুন জেনে নিই সাইকেল চালালে আমাদের শরীর আর মনে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসে এবং রাস্তায় নামার আগে কী কী খেয়াল রাখা দরকার-
বিজ্ঞাপন
বাড়তি মেদ ঝরায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে
সাইকেল চালানো চমৎকার একটি কার্ডিও ব্যায়াম। রোজ কিছুটা সময় নিয়ে সাইকেল চালালে শরীরের বাড়তি মেদ বেশ দ্রুত ঝরে যায়। একটু গতি বাড়িয়ে চালালে শরীরের মেটাবলিজম বাড়ে। এতে আপনি যখন বিশ্রামে থাকবেন, তখনও ক্যালরি পুড়তে থাকবে।

পায়ের পেশির শক্তি বাড়ায়
পায়ের পেশি মজবুত করতে সাইকেলের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। শরীরের জয়েন্টগুলোতে কোনোরকম বাড়তি চাপ না ফেলেই এটি আমাদের কোয়াডস, হ্যামস্ট্রিং বা কাফ পেশিকে দারুণভাবে সুগঠিত করে।
সবার জন্য মানানসই
ব্যায়াম শুরু করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কী করবেন? সাইকেল দিয়ে শুরু করতে পারেন। শুরুতে খুব ধীরগতিতে চালান। চোট থেকে সেরে ওঠার সময়ও এটি খুব কাজে দেয়।
হৃৎপিণ্ড সুস্থ রাখে
সাইকেল চালালে শরীরে রক্ত চলাচল বাড়ে, যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। নিয়মিত সাইক্লিং করলে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে এবং খারাপ কোলেস্টেরল কমে যায়। ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে আসে।

মানসিক প্রশান্তি ও ফোকাস বাড়ায়
রাস্তায় সাইকেল চালানোর সময় আমাদের পুরো মনোযোগ থাকে সামনের দিকে। এটি এক ধরনের ধ্যানের মতো কাজ করে। খোলা বাতাসে প্যাডেল ঘোরালে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়। এটি মানসিক চাপ বা বিষণ্ণতা দূর করে মনকে একদম ফুরফুরে করে দেয়।
দীর্ঘমেয়াদি রোগ থেকে সেরে উঠতে সাহায্য করে
ক্যানসার বা ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে চিকিৎসকেরা অনেক সময় অ্যারোবিক ব্যায়ামের পরামর্শ দেন। সাইক্লিং এক্ষেত্রে দারুণ কাজে দেয়। তবে অসুস্থ অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সাইকেল চালানো উচিত।
সকালের দারুণ একটা শুরু
সকাল বেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ সাইকেল চালিয়ে ঘাম ঝরালে সারা দিনের জন্য দারুণ এনার্জি পাওয়া যায়। দিনটা শুরু হয় একদম সতেজভাবে।

শরীরের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে
সাইকেলের ভারসাম্য ধরে রাখতে গিয়ে আমাদের নিজেদের শরীরের ব্যালেন্সও অনেক উন্নত হয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ভারসাম্য কমতে থাকে। তাই নিয়মিত সাইকেল চালানো বয়সকালেও বেশ উপকারী।
পরিবেশের বন্ধু
রোজকার দিনে অজস্র গাড়ি কার্বন নিঃসরণ করছে, হর্ণ বাজিয়ে শব্দ দূষণ করছে। গাড়ির বদলে সাইকেল বেছে নিলে শহরের বাতাস কিছুটা হলেও দূষণমুক্ত থাকে। যানজটের এই শহরে সাইকেল আপনার বহুমূল্য সময় যেমন বাঁচাবে, তেমনি পরিবেশকেও রাখবে সুন্দর।
নিরাপদে সাইকেল চালানোর কিছু সহজ টিপস
রাস্তায় সাইকেল নিয়ে বের হলে নিজের নিরাপত্তার বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে-

>> রাস্তায় নামার আগে অবশ্যই ভালো মানের এবং সঠিক মাপের হেলমেট পরে নিন। রাতে বা খুব ভোরে চালানোর সময় সাইকেলে আলো এবং গায়ে রিফ্লেক্টিভ জ্যাকেট রাখা খুব জরুরি।
>> রাস্তার নিয়মকানুন সব সময় মেনে চলুন। মোড় ঘোরার সময় বা ব্যস্ত রাস্তায় চোখ কান খোলা রাখুন।
>> কড়া রোদে বের হলে সানস্ক্রিন মেখে নিন এবং রোদচশমা ব্যবহার করুন। বৃষ্টির দিনের জন্য সাথে রেইনকোট রাখা বুদ্ধিমানের কাজ।

>> খুব ঢিলেঢালা পোশাক পরে সাইকেল চালানো ঠিক নয়। এগুলো চেইনে আটকে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
>> আপনি যদি প্রতিদিন লম্বা সময় ধরে সাইকেল চালান, তবে পেশিকে বিশ্রাম দেওয়ার জন্য সপ্তাহে অন্তত এক দিন সাইক্লিং থেকে ছুটি নিন।
সাইকেল চালানো আমাদের দৈনন্দিন জীবনের দারুণ একটা অংশ হতে পারে। একটু সচেতন হয়ে নিয়ম মেনে প্যাডেলে চাপ দিলেই ফিটনেস আর বিনোদন দুটোই পাওয়া সম্ভব।
সূত্র: হেলথ লাইন
এনএম




