ঈদুল আজহায় সবার চিন্তা থাকে কীভাবে কোরবানির মাংস সংরক্ষণ করবেন তা নিয়ে। প্রায় সব পরিবারের এ বিষয়ে আগাম প্রস্তুতি থাকে। কেননা সঠিক নিয়মে সংরক্ষণ করা না হলে মাংসের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সেসঙ্গে তৈরি হয় স্বাস্থ্যঝুঁকি।
অনেকের মনে প্রশ্ন জাগে, কোরবানির মাংস কি ধুয়ে ফ্রিজে রাখবেন না কি না ধুয়ে? কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কীভাবে সংরক্ষণ করা উচিত চলুন জেনে নিই-
বিজ্ঞাপন

কোরবানির মাংস সংরক্ষণে করণীয়
কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে ভালোভাবে রক্ত ঝরিয়ে নিতে হবে। অতিরিক্ত পানি থাকলে তা শুকিয়ে নেওয়া জরুরি। ভেজা অবস্থায় সংরক্ষণ করলে বরফ জমে মাংসের স্বাভাবিক স্বাদ ও গঠন নষ্ট হতে পারে। মাংস পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্র কিংবা ভালো মানের ফুড-গ্রেড পলিব্যাগে ভরে সংরক্ষণ করা উচিত। খোলা অবস্থায় মাংস ভুলেও রাখবেন না।
ছোট ছোট ভাগে মাংস সংরক্ষণ
মাংস বড় আকারে না রেখে ছোট ছোট ‘ফ্যামিলি প্যাক’ আকারে ভাগ করে রাখুন। এতে প্রতিবার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ মাংস বের করতে পারবেন এবং পুরো মাংস বারবার গলাতে হয় না। কারণ একবার গলানো মাংস পুনরায় ফ্রিজে রাখলে এর মান নষ্ট হয়ে যায়। পাশাপাশি ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি বাড়ে।

কোরবানির মাংস ধুয়ে ফ্রিজে রাখবেন না কি না ধুয়ে?
কোরবানির মাংস না ধুয়ে ফ্রিজে রাখুন। এতে মাংসের পুষ্টিগুণ ও স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং দীর্ঘ সময় ভালো থাকে। তবে ফ্রিজে রাখার আগে মাংসের অতিরিক্ত রক্ত ও পানি কোনো পরিষ্কার সুতি কাপড় বা কিচেন পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে। কেন না ধুয়ে সংরক্ষণ করবেন?
ব্যাকটেরিয়া ও গন্ধ রোধ:
মাংসে ধুয়ে রাখলে এতে পানি থাকে। আর পানি বা রক্ত লেগে থাকলে ফ্রিজে বরফ জমার পর ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি থাকে এবং গন্ধ হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে মাংস না ধুয়ে শুকিয়ে রাখলে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। দীর্ঘদিন স্বাদ ঠিক থাকে।

কোষের গঠন ঠিক থাকা:
মাংস ধুয়ে রাখলে এর ভেতরের পানি কোষের ভেতরে ঢুকে যায়, যা বরফ হওয়ার সময় কোষগুলোকে ফাটিয়ে ফেলে এবং মাংসের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট করে। না ধুয়ে রাখলে এই ঝুঁকি থাকে না। ফলে কয়েক মাস পরেও মাংস নতুনের মতো তাজা থাকে।
যেভাবে ফ্রিজে রাখলে মাংস দীর্ঘদিন ভালো থাকবে
প্রথমে মাংস থেকে হাড় ও চর্বি আলাদা করে ফেলুন। এরপর পলিথিন বা এয়ার-টাইট বক্সে ছোট ছোট প্যাকেটে মাংস ভরে নিন। মাংস ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখলে তা খুব সহজেই ধোয়া হয়ে যায়।

তবে কোরবানির পশুর মাংস কাটার পর সাথে সাথে ফ্রিজে না রেখে, অন্তত ৪-৫ ঘণ্টা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ফ্যানের বাতাসে ঠান্ডা করুন। তারপর ফ্রিজে রাখুন।
এনএম




