শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ঢাকার ১০টি দর্শনীয় স্থান

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

ঢাকার ১০টি দর্শনীয় স্থান
ঢাকার ১০টি দর্শনীয় স্থান (ছবিটি এআই দ্বারা নির্মিত)

ঢাকা কারো কাছে জাদুর শহর, কারো কাছে নিতান্তই জীবিকার প্রয়োজনে থাকা আবাসস্থল। ব্যস্ততা, যানজট এখানে নিত্যসঙ্গী। তবুও ঢাকাকে ভালোবাসার অপার সৌন্দর্য রয়েছে। ছোট্ট একটি শহরেই মিলেমিশে আছে অসংখ্য ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি আর বিনোদনের স্থান। অনেকেই জানতে চান, ঢাকার ভিতরে ঘোরার জায়গা কোনগুলো? কারো মনে আবার প্রশ্ন জাগে, ঢাকার কেন্দ্র কোনটি?

ছুটির দিনে পরিবার, বন্ধু কিংবা একা ঘোরা যায় এমন অনেক পর্যটন ও বিনোদন কেন্দ্র রয়েছে পুরো ঢাকাজুড়ে। ঢাকার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


পুরান ঢাকার দর্শনীয় স্থান

আপনি কি ইতিহাস ভালোবাসেন? পুরনো দিনের ঘরবাড়ি বা স্থাপনাগুলো আপনাকে টানে? তাহলে ছুটির দিনে চলে যেতে পারেন পুরান ঢাকায়। এখানে ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি অলিগলিতে পাবেন অসংখ্য পুরনো দিনের ছোঁয়া। 

ahsan_manjil

আহসান মঞ্জিল

বুড়িগঙ্গার তীরে গোলাপি আভা ছড়ানো এই প্রাসাদ পুরান ঢাকার সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি। একসময় নবাব পরিবারের বাসভবন ছিল এটি। বর্তমানে জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। পুরনো আসবাব, ছবি আর স্থাপত্যশৈলীর দেখা মিলবে এখানে। কয়েক মুহূর্তের জন্য ফিরে যাবেন ব্রিটিশ আমলের ঢাকায়।

লালবাগ কেল্লা

মুঘল আমলের অসমাপ্ত এই দুর্গ কেবল ইতিহাস নয়, ফটোগ্রাফিপ্রেমীদের কাছেও বেশ জনপ্রিয়। বিশাল সবুজ চত্বর, পরীবিবির সমাধি আর পুরনো স্থাপত্য মিলিয়ে জায়গাটি এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।

bahadur_shah_park

বাহাদুর শাহ পার্ক

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি বহন করা এই স্থানটি পুরান ঢাকার ঐতিহাসিক গুরুত্বের অংশ। বিকেলের দিকে এখানে স্থানীয় মানুষের আড্ডাও জমে ওঠে। ছুটির একটি বিকেল কাটাতে পারেন ঐতিহাসিক এই স্থানে। 

পরিবার নিয়ে ঢাকায় ঘুরে দেখার জায়গা

ঢাকায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনি পরিবারের সব সদস্যদের নিয়ে ঘুরতে যেতে পারেন। এমন কিছু জায়গা হলো- 

bangladesh-national-museum

বাংলাদেশ জাতীয় জাদুঘর

শাহবাগে অবস্থিত এই জাদুঘরে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, লোকসংস্কৃতি, প্রত্নতত্ত্ব ও শিল্পকলার বিশাল সংগ্রহ রয়েছে। শিক্ষার্থী থেকে বিদেশি পর্যটক—সবাইয়ের কাছেই এটি আকর্ষণীয়।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা

মিরপুরে অবস্থিত চিড়িয়াখানাটি শিশুদের জন্য অন্যতম আনন্দের জায়গা। বিভিন্ন প্রাণী কাছ থেকে দেখার সুযোগ থাকায় ছুটির দিনে এখানে ভিড় থাকে সবচেয়ে বেশি।

shishu_akademi

শিশু একাডেমি

শিশুদের সাংস্কৃতিক ও বিনোদনের জায়গা হিসেবে এটি দীর্ঘদিন ধরেই পরিচিত। বিভিন্ন অনুষ্ঠান, বইমেলা ও শিশুতোষ কার্যক্রম এখানে নিয়মিত হয়।

ঢাকার পার্কসমূহ

যানবাহন আর কংক্রিটের ভিড়ে ঢাকা যেন ধূসর হয়ে পড়েছে। তবে আপনি যদি একজন প্রকৃতিপ্রেমি হয়ে থাকেন তাহলে এই শহরের পার্কগুলোতে ঢুঁ মারতে পারেন। ব্যস্ততা আর ক্লান্তির ফাঁকে একটু সবুজের স্পর্শে গেলে মন আর শরীর দুটোই ভালো হয়ে যাবে। 

ramna_park

রমনা পার্ক

ঢাকার সবচেয়ে পরিচিত সবুজ আশ্রয়গুলোর একটি। সকালবেলার হাঁটা, বিকেলের আড্ডা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। বিশাল গাছপালা আর লেকের কারণে এটি শহরের ফুসফুস বলেও পরিচিত।

চন্দ্রিমা উদ্যান

অনেকে এখনো একে জিয়া উদ্যান নামেই চেনেন। জাতীয় সংসদ ভবনের কাছের এই উদ্যানটি খোলা আকাশের নিচে কিছুটা স্বস্তির অনুভূতি দেয়। লেক, সবুজ ঘাস আর খোলা জায়গা মিলিয়ে এটি পরিবার ও বন্ধুদের আড্ডাস্থল।

hatirjheel

হাতিরঝিল

রাতের ঢাকার সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে হাতিরঝিলের বিকল্প কম। লেকের ওপর আলো ঝলমলে সেতু, ওয়াকওয়ে আর নৌভ্রমণের সুযোগ এটিকে তরুণদের কাছে বিশেষ জনপ্রিয় করেছে। সন্ধ্যার পর পুরো এলাকাটি যেন অন্য এক শহরে রূপ নেয়।

ঢাকার আরও কিছু দর্শনীয় স্থান 

ওপরে উল্লেখিত স্থান ছাড়াও ঢাকায় ঘুরে বেড়ানোর মতো ছোট-বড় অনেক স্থান রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- 

sangsad_vaban

জাতীয় সংসদ ভবন

বিশ্বখ্যাত স্থপতি লুই কান নকশা করা এই স্থাপনাটি শুধু প্রশাসনিক ভবন নয়, আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শনও। দর্শনার্থীদের কেন্দ্র করে এখানের রাস্তার বসে অস্থায়ী সব দোকান। প্রসাধনী, খেলনা, খাবার সবই মেলে সেখানে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

টিএসসি, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার—সব মিলিয়ে এই এলাকা সংস্কৃতি, ইতিহাস আর তারুণ্যের প্রাণকেন্দ্র। বইমেলা, পহেলা বৈশাখ কিংবা রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের স্মৃতি জড়িয়ে আছে এখানে।

robindra_shorobor

রবীন্দ্র সরোবর

ধানমন্ডির এই খোলা সাংস্কৃতিক চত্বরটিতে নিয়মিত গান, নাটক ও সাংস্কৃতিক আয়োজন হয়। সন্ধ্যায় তরুণদের ভিড়ে মুখর থাকে পুরো এলাকা।

ঢাকা শহরের অলিগলিতে লুকিয়ে আছে ইতিহাসের গল্প, সবুজের স্বস্তি আর সংস্কৃতির প্রাণ। সময় বের করে প্রিয় মানুষগুলোকে নিয়ে এসব জায়গা ঘুরে দেখলে হয়তো নতুন করে আবিষ্কার করা যাবে নিজের শহরকেই।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর