সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া। মেসেজ, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া স্ক্রল চলতেই থাকে। ফলাফল দিন শেষে চোখ জ্বালা, মাথা ভার, অকারণ অস্থিরতা। অসংখ্য মানুষ এমন সমস্যায় ভুগছেন। আধুনিক জীবনের এই নীরব চাপের নাম ‘ডিজিটাল ক্লান্তি’। কাজ, বিনোদন, যোগাযোগ সবকিছুই স্ক্রিনকেন্দ্রিক হওয়ায় শরীর ও মন দুটোই ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। তাই সুস্থ থাকতে ডিজিটাল আসক্তি থেকে মুক্তির বিকল্প নেই। কিন্তু কীভাবে?
বর্তমান সময়ে প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে থাকা সম্ভব নয়। তাই প্রয়োজন ছোট ছোট সচেতন অভ্যাস—যেগুলো আপনাকে ধীরে ধীরে মুক্তির পথ দেখাবে।
বিজ্ঞাপন

সকালের প্রথম এক ঘণ্টা ‘স্ক্রিন-ফ্রি’ থাকুন
ঘুম থেকে উঠেই ফোন হাতে নেবেন না। বরং নিজের সঙ্গে কিছুটা সময় কাটান। জানালা খুলে আলো দেখুন, হালকা স্ট্রেচিং করুন, কিংবা এক কাপ চা হাতে সকাল উপভোগ করুন। এই ছোট্ট বিরতি দিনকে অনেক বেশি স্থিরভাবে শুরু করতে সাহায্য করে।
কাজের ফাঁকে ‘মাইক্রো ব্রেক’ নিন
কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকবেন না। প্রতি ৩০-৪০ মিনিট পর ২-৫ মিনিটের বিরতি নিন। চোখ বন্ধ করুন, একটু হাঁটাহাঁটি করুন কিংবা দূরে তাকিয়ে থাকুন। এতে চোখ ও মস্তিষ্ক দুটোই রিফ্রেশ হবে।

নোটিফিকেশন কমান
সব অ্যাপের নোটিফিকেশন চালু রাখবেন না। প্রয়োজনীয় অ্যাপ ছাড়া বাকি অ্যাপের নোটিফিকেশন সাইলেন্ট রাখুন। এতে অকারণ মনোযোগ নষ্ট কমবে। মানসিক চাপও কম অনুভূত হবে।
ঘুমানোর আগে মোবাইল নয়
ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন থেকে দূরে থাকুন। নীল আলো ঘুমের হরমোনকে প্রভাবিত করে। ফলে ঘুমের মান খারাপ হয়। এর বদলে বই পড়া বা হালকা সংগীত শুনতে পারেন।

‘রিয়েল কানেকশন’ ফিরিয়ে আনুন
অনলাইনে সময় কাটালেও বাস্তব জীবনের সম্পর্কগুলো যেন অবহেলিত না হয়। পরিবার বা বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকর। তাই ডিজিটাল জগতে সময় কম দিয়ে বাস্তব জীবনে সময় দিন।
নিজের জন্য বানান ‘নো-ডিভাইস’ জোন
বিছানা, ডাইনিং টেবিল বা প্রার্থনার জায়গা— এমন কিছু জায়গা নির্ধারণ করুন যেখানে ফোন বা ল্যাপটপ ব্যবহার করবেন না। এতে জীবনধারায় একটি ভারসাম্য তৈরি হবে।
প্রযুক্তিকে বাদ দিয়ে জীবন সাজানো যাবে না। তবে আসক্তি কমিয়ে আনতে পারেন। এতে জীবনের ভারসাম্য ঠিক থাকবে।
এনএম




