রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে? চোখ ও শরীরের যত্ন নেবেন যেভাবে

তানজিদ শুভ্র
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে? চোখ ও শরীরের যত্ন নেবেন যেভাবে

এসময় অনলাইন ক্লাস স্কুল ও কলেজ পড়ুয়াদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘরে বসে ক্লাস করার সুবিধা থাকলেও এর একটি বড় নেতিবাচক দিক হলো শারীরিক ধকল। ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ছোটদের চোখ আর ঘাড়ের ওপর মারাত্মক চাপ পড়ে।

অল্প বয়স থেকেই যদি এসব বিষয়ে খেয়াল না রাখা হয়, তবে ভবিষ্যতে তা বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চোখের যত্ন ও ঠিকমতো বসার নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি।


বিজ্ঞাপন


class

২০-২০-২০ 

টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পলক স্বাভাবিকের চেয়ে অনেক কম পড়ে। এতে চোখ শুষ্ক হয়ে যায় এবং জ্বালাপোড়া বা মাথা ব্যথা শুরু হয়। এই সমস্যা এড়াতে '২০-২০-২০' নিয়মটি দারুণ কার্যকর। নিয়মটি খুব সহজ, প্রতি ২০ মিনিট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর অন্তত ২০ ফুট দূরের কোনো প্রাকৃতিক দৃশ্যের দিকে ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে হবে। এতে চোখের পেশিগুলো বিশ্রাম পায়।

পানির ঝাপটা

এছাড়াও ক্লাসের ফাঁকে ফাঁকে চোখে পরিষ্কার পানির ঝাপটা দেওয়া ভালো। ডিভাইসের ব্রাইটনেস এমনভাবে রাখতে হবে যেন তা ঘরের আলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। অতিরিক্ত উজ্জ্বল স্ক্রিন যেমন চোখের ক্ষতি করে, তেমনি খুব কম আলোতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখে চাপ পড়ে।

অনেক শিক্ষার্থীই বিছানায় শুয়ে বা আধশোয়া হয়ে অনলাইন ক্লাস করে। এটি মেরুদণ্ড ও ঘাড়ের জন্য ভীষণ ক্ষতিকর। ক্লাস করার জন্য সবসময় চেয়ার ও টেবিল ব্যবহার করা উচিত। চেয়ারে বসার সময় খেয়াল রাখতে হবে যেন পিঠ সোজা থাকে এবং পা দুটো মেঝেতে সমান্তরালভাবে থাকে।

class_1

চোখ বরাবর ল্যাপটপ বা মোবাইল 

ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিন চোখের সোজা বরাবর রাখতে হবে। এতে ক্লাস করার সময় দীর্ঘক্ষণ ঘাড় নিচু করে রাখতে হবে না। দরকার হলে ল্যাপটপ বা স্ট্যান্ডের নিচে কয়েকটি পুরনো বই দিয়ে স্ক্রিনটি চোখের উচ্চতায় নিয়ে আসা যায়।

বিরতি নিন 

টানা এক জায়গায় বসে থাকলে শরীরে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং আলসেমি ভর করে। তাই দুটি ক্লাসের মাঝখানে যেটুকু বিরতি পাওয়া যায়, তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো উচিত। ঘরের ভেতর একটু হাঁটাচলা করা বা হাত, পা ও ঘাড়ের হালকা স্ট্রেচিং করা যেতে পারে।

rest

কাজ শেষে স্ক্রিন থেকে বিরতি 

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ক্লাস শেষ হওয়ার পর আর কোনোভাবেই ডিভাইসের স্ক্রিনের সামনে থাকা উচিত নয়। গেম খেলা বা ভিডিও দেখার বদলে তখন বই পড়া, পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করা বা বারান্দায় গিয়ে বাইরের খোলা হাওয়া উপভোগ করা মানসিক ও শারীরিক দিক দিয়ে অনেক বেশি স্বাস্থ্যকর।

অনলাইন পড়াশোনা আধুনিক শিক্ষাব্যবস্থার একটি দারুণ অংশ। কিন্তু প্রযুক্তির এই সুবিধা নিতে গিয়ে যেন নিজেদের শারীরিক ক্ষতি না হয়, সেদিকে অভিভাবক এবং শিক্ষার্থী দুজনকেই সচেতন হতে হবে। ছোট ছোট এই অভ্যাসগুলো আয়ত্ত করতে পারলে ডিভাইসের আসক্তি যেমন কমবে, তেমনি অনলাইন ক্লাসও হয়ে উঠবে অনেক বেশি নিরাপদ।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর