রক্তচাপের সমস্যা এখন আর মধ্যবয়স্কদের নয়। কমবয়সী অনেকেও ভুগছেন রক্তচাপের তারতম্যে। ঘুমের ঘাটতি, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, ধূমপানের মতো অভ্যাসে রক্তচাপ ওঠানামা করছে। উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভোগেন তাদের হাতের কাছেই সবসময় ওষুধ মজুত রাখতে হয়। মাঝেমধ্যে রক্তচাপ মাপাও জরুরি হয়ে ওঠে। কেননা হঠাৎ এটি বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। এর জেরে হার্ট অ্যাটাকও হতে পারে।
সাধারণত রক্তচাপের মাত্রা ১৪০/৯০ ছাড়ালেই তাকে উচ্চ বলে ধরা যায়। একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ হওয়া উচিত ১১০-১২০/৭২-৮০। যদি কারও রক্তচাপ ১৪০/৯০-এর বেশি হয়, তখন রক্তচাপ বেড়েছে বলা যায়।
বিজ্ঞাপন

ধমনীর দেওয়ালে রক্ত যে চাপ দেয়, তাকেই রক্তচাপ বলা হয়। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের অন্যতম কারণই হলো অনিয়ন্ত্রিত রক্তচাপ। কারও ক্রমাগত রক্তচাপ বেশি থাকলে হার্টের পাম্প করার কাজ বেড়ে যায়। ফলে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে।
জিনগত, বংশগত কারণ, স্থূলত্ব-সহ নানা কারণে রক্তচাপ বাড়তে পারে। শরীরচর্চার অভাবও রক্তচাপ বাড়ায়। সাধারণত স্থূলত্ব থেকে কোলেস্টেরল, রক্তচাপের সমস্যা হলে চিকিৎসকরা ওজন কমাতে বলেন, জীবনযাপনে বদল আনতে বলেন। তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের এর লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া দরকার।

বিজ্ঞাপন
মাথা ব্যথা
বার বার মাথায় যন্ত্রণা হওয়া উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। বিশেষ করে মাথার পেছনের দিকে ব্যথা হলে দ্রুত একবার চিকিৎসকের পরামর্শ নিন।
চোখের সমস্যা
হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তো রয়েছেই, উচ্চ রক্তচাপ প্রভাব ফেলে চোখেও। রেটিনায় যে রক্তনালিগুলো থাকে, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে উচ্চ রক্তচাপের কারণে। বিজ্ঞানের ভাষায় একে ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’ বলে।

শ্বাসকষ্ট
রক্তচাপের তারতম্য হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হয় হার্ট ও ফুসফুস। ফলে শ্বাস নিতে সমস্যা হতে পারে।
নাক দিয়ে রক্ত পড়া
নাক দিয়ে রক্ত অনেক কারণেই বের হতে পারে। যদি দেখেন, সর্দিকাশি নেই অথবা সাইনাসের সমস্যা নেই, তা-ও মাঝেমধ্যেই নাক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বেরোচ্ছে, তাহলে সতর্ক হতে হবে। এটিও রক্তচাপ বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে।

বুকে ব্যথা
উচ্চ রক্তচাপের সমস্যায় মাঝেমধ্যেই বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথা, আচমকা চোখে অন্ধকার দেখা বা কয়েক মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলার সমস্যাকে অনেকেই গ্যাস বা অম্বলের সমস্যা বলে এড়িয়ে যান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এর নেপথ্যে থাকে রক্তচাপের সমস্যা।
এনএম

