সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

সেলাইয়ের ফোঁড়ে জীবনের কথা: নকশি কাঁথার ইতিহাস

ফারজানা জিতু
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

সেলাইয়ের ফোঁড়ে জীবনের কথা : নকশি কাঁথার ইতিহাস

নকশি কাঁথা শুধু নকশা করা কাপড় নয়। এটি গ্রামবাংলার জীবনের দলিল— স্মৃতি, কষ্ট, ভালোবাসা সেলাই হয়ে ফুটে ওঠে প্রতি ফোঁড়ে। যেকোনো ফুল-লতা আঁকা কাঁথা নকশি হয় না; এর ভেতরে থাকতে হয় প্রাণ, থাকতে হয় গল্প, থাকে সময়ের ছাপ।

গ্রামের ঘরে জন্ম নেওয়া এই শিল্প। পুরনো শাড়ি-লুঙ্গি স্তরে স্তরে সাজিয়ে, বছরের পর বছর ধৈর্য নিয়ে তৈরি হতো একটি নকশি কাঁথা। কোনো মা সন্তানের জন্য বুনতেন উষ্ণতা, নববধূ সেলাই করতেন নিজের স্বপ্ন আর অপেক্ষা। মাঠ, নদী, গরু, নৌকা, উৎসব, গ্রাম্য জীবনের সুখ-দুঃখ—সব উঠে আসত সূচের সূক্ষ্ম রেখায়। এটি যেন এক রঙিন দিনলিপি, যেখানে লিখতে না পারা নারীরা সেলাইয়ের ভাষায় মনের কথা বলে গেছেন। যে কাঁথা কথা বলেছে মানুষের মনের ভাষায়। যে কথায় থাকতো মানুষের জীবনের গল্প, দৈনন্দিন কাজ ঐতিহাসিক স্থান আরও নানান কিছু। 


বিজ্ঞাপন


649973925_730558080022577_4198501098198317933_n

নকশায় লেখা জীবনকথা

একটি নকশি কাঁথা দেখলে মনে হয় যেন জীবন্ত দৃশ্যপট। কোথাও পুকুরঘাটে বধূর পালকি, কোথাও কৃষকের মাঠে শ্রমের ছবি, কোথাও প্রেমের বিরহ বা প্রার্থনার নীরব মুহূর্ত। পল্লী কবি জসিমউদ্দিন তাঁর বিখ্যাত কাব্য নকশি কাঁথার মাঠে সাজু চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন, কীভাবে একটি কাঁথার মধ্যে ফুটে উঠতে পারে একজন নারীর পুরো জীবনের স্মৃতি। প্রতিটি সেলাই যেন এক একটি অনুভূতি, এক একটি সময়ের গল্প।

আজকের বাজারে হারানো পরিচয়

আজকের বাজারে আমরা অনেক সুন্দর ফুল-লতা আঁকা কাঁথা দেখি, কিন্তু সবই নকশি কাঁথা নয়। সত্যিকারের নকশি কাঁথায় থাকে ধারাবাহিক গল্প— ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা, জীবনযাপনের চিহ্ন। অলংকারমূলক নকশা হয়তো সৌন্দর্য বাড়ায়, কিন্তু তার মধ্যে সেই গভীর জীবনকথা থাকে না। যদি সবকিছুকেই নকশি কাঁথা বলা হয়, তাহলে ধীরে ধীরে হারিয়ে যাবে এই ঐতিহ্যের প্রকৃত পরিচয়।

628266708_1285787017077139_7442157826631894938_n

কষ্টের সাথী, সময়ের শিল্প

একদিনে তৈরি হয় না নকশি কাঁথা। মাসের পর মাস, কখনও বছরের পর বছর ধরে দিনের কাজের ফাঁকে, রাতের নীরবতায় এগিয়ে চলে এর সেলাই। কাঁথার ভাঁজে ভাঁজে জমে থাকে ধৈর্য, মমতা আর মনের শ্রম। এটি শুধু একটি কাপড় নয়—গ্রামবাংলার লোকজ ঐতিহ্য, নারীর সৃজনশীলতা এবং জীবনের গল্প বলার এক অনন্য শিল্পভাষা।

আজ এই নকশি কাঁথা দেশ পেরিয়ে বিশ্বেও পরিচিত। কিন্তু তার আসল সৌন্দর্য শুধু নকশায় নয়—তার ভিতরে লুকিয়ে থাকা মানুষের গল্পে।

নকশি কাঁথা বাঁচাতে হলে আমাদের বুঝতে হবে—

* এটি শুধু ডিজাইন বা নকশা নয়, বরং যাপিত জীবনের গল্প।
* শুধু পণ্য নয়, স্মৃতি ও অভিজ্ঞতা প্রকাশের আবহমান ঐতিহ্য।
* শুধু সেলাই নয়, জীবনের কথা। সুঁই-সুতার প্রতিটি ফোঁড়ে আছে হাসি-কান্না, অপেক্ষা-ভালোবাসা, গ্রামবাংলার স্বপ্ন।

648316955_1811879699487309_2471541935421339311_n

আসুন, এই ঐতিহ্যকে শুধু নকশার জন্য নয়, তার অনুভূতি আর ইতিহাসের জন্যও সম্মান করি— যাতে গল্প হারিয়ে গিয়ে শুধু বাণিজ্য হয়ে না ওঠে।

ডিজাইন ও সূচীশিল্পী: নাছিমা খান (ফরিদপুর)
লেখক: হস্তশিল্প উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক শিল্পপুরাণ

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর