শরত বিদায় নিয়ে আসছে হেমন্ত। বাতাসে শীতের আমেজ। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি ভুগতে টান টান ত্বকের সমস্যা নিয়ে। যতবারই হাত ধোয়া হোক না কেন আর যতই ক্রিম লাগানো হোক না কেন খানিকবাদেই হাত আবার খসখসে লাগে, চামড়া টানটান হয়ে যায়।
মুখের যত্ন নিলেও বেশিরভাগ মানুষ হাতের যত্ন নিতে ভুলে যান। ঋতু বদলের এ সময়ে নিয়মিত হাতের যত্ন নেওয়া উচিত। চলুন বিস্তারিত জেনে নিই-
বিজ্ঞাপন

১. হ্যান্ড ওয়াশ
অ্যালকোহল বা হার্শ কেমিক্যাল-যুক্ত হ্যান্ড ওয়াশ ব্যবহারে হাতের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করুন গ্লিসারিন, অ্যালোভেরা বা শিয়া বাটারযুক্ত মাইল্ড হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে।
২. ময়েশ্চারাইজার
হাত ধোওয়ার সঙ্গে সঙ্গেই ভালো হ্যান্ড ক্রিম লাগান। এতে আর্দ্রতা বজায় থাকবে। ক্রিমে গ্লিসারিন, নারকেল তেল বা ভিটামিন ই থাকলে আরও ভালো হয়।

৩. হ্যান্ড মাস্ক
রাতে ঘুমানোর আগে হাতে ঘন ময়েশ্চারাইজার বা ঘরোয়া মিশ্রণ লাগাতে হবে। এক চা চামচ মধু, কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে একটি মিশ্রণ বানান। তুলোর সাহায্যে তা হাতে লাগিয়ে গ্লাভস পরে নিন। সকালে উঠেই পাবেন নরম, মোলায়েম হাত।
৪. সানস্ক্রিন
অনেকেই শুধু মুখে সানস্ক্রিন মাখেন কিন্তু হাতে দেন না। অথচ হাতের ত্বকেও রোদে ট্যান পড়ে, দাগ হয়। তাই বাইরে বের হওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন লাগাতে হবে।

৫. হালকা স্ক্রাব
সপ্তাহে একদিন হাতে হালকা স্ক্রাব করুন। চিনি ও নারকেল তেল মিশিয়ে হালকা করে হাতে ঘষুন। এতে মৃত কোষ দূর হবে, বাড়বে রক্ত সঞ্চালনও।
৬. গ্লাভস ব্যবহার
ডিটারজেন্ট বা ক্লিনার সরাসরি হাতে লাগাবেন না। থালা-বাটি ধোওয়া বা পরিষ্কার করার সময় রাবারের গ্লাভস ব্যবহার করতে পারেন।

৭. হাইড্রেশন
ভেতর থেকে ত্বককে আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করুন। এতে শুষ্কতা কমবে, ত্বক আরও টানটান থাকবে।
ত্বক বিশেষজ্ঞদের মতে, হাতের ত্বক পাতলা হয়। তাই নিয়মিত এর যত্নে ময়েশ্চারাইজার জরুরি। পাশাপাশি সূর্যরশ্মি থেকে সুরক্ষাও জরুরি। মুখের যত্নের পাশাপাশি নিয়মিত হাতেরও যত্ন নেওয়া উচিত। এতে হাত হয়ে উঠবে কোমল ও নমনীয়।
এনএম

