একটি শিশু কীভাবে বেড়ে উঠবে তার অনেকটাই নির্ভর করে মা-বাবা কিংবা পরিবারের অন্যান্য সদস্যের ওপর। মা-বাবার ছায়াতেই বড় হয় শিশু। প্রতিটি পরিবারেরই কিছু নিজস্ব নিয়মকানুন, রীতিনীতি রয়েছে। আর শিশু তাই শেখে, যা তার চারপাশে ঘটে। তাই বাড়িতে ছোট শিশু থাকলে অভিভাবকদেরও কিছু বিষয়ে সংযত থাকতে হয়।
শিশুর সামনে এমন কিছু করা উচিত নয় যা তাকে ভুল বার্তা দেয়। কিছু অভ্যাস থেকেও শিশুকে দূরে রাখা জরুরি। বড়দের কিছু আচরণে ক্ষতি হয় শিশুর। কী সেগুলো? চলুন জেনে নিই বিস্তারিত-
বিজ্ঞাপন

অন্য শিশুর সঙ্গে তুলনা
শিশুদের মন নরম হয়। তাই সহজেই আঘাত লাগে। এজন্য শিশুদের সঙ্গে শিশুর মতোই মিশতে হয়। অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না। ছোট শিশুর সঙ্গে অন্য শিশুর তুলনা করে ফেলেন। যা একদমই উচিত নয়। এতে শিশুর মনে চাপ পড়ে। এমনটা কখনোই করবেন না।
আবেগ চেপে রাখতে শেখানো
সন্তানের আবেগ অনেকেই ঠিকমতো সামলাতে পারেন না। ফলে শিশুর মনের কথা বুঝে উঠতে পারেন না। তার ছোট্ট মনে নানা কথা জমতে থাকে। শিশুকে ছোট বয়সে এমন পরিস্থিতিতে ঠেলে না দেওয়াই ভালো। আবেগ চেপে রাখতে শেখানোও উচিত নয়। বরং তার আবেগের মূল্য দিন। প্রয়োজনে ভালোবেসে ভালো-মন্দ বোঝান।

রুটিনহীন জীবন
শিশুরা এখন পড়াশোনা করে না। তারা আরও অনেকে বিষয় নিয়ে ব্যস্ত থাকে। নাচ, গান, ছবি আঁকা, খেলা কিংবা কার্টুন দেখার মতো কাজগুলোও তাদের জীবনের অংশ। তাই শিশুদের ক্ষেত্রে ঠিকঠাক রুটিন তৈরি করা উচিত।
সকাল থেকে রাত অব্দি শিশু যদি কেবল পড়াশোনার পেছনে ছুটে বেড়ায় তাহলে তার মনে এর প্রভাব পড়ে। তার নিজের আর কোনো সময় থাকে না। অনেক মা-বাবাই বিষয়টি বুঝতে পারেন না। যা শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলে।

শিশুদের মন বেশ স্পর্শকাতর হয়। তাদেরকে আদর-ভালোবাসা দিয়ে লালন-পালন করুন। তাদের সময় দিন। মন বুঝতে চেষ্টা করুন। এতে তাদের সুন্দর মানসিক বিকাশ ঘটবে।
এনএম

