অসংখ্য গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ‘মনস্টার’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ভয়াবহ নির্মমতা তুলে ধরলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কুখ্যাত খুনি জিয়াউলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপন শুরু করেছেন প্রসিকিউশন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর।
জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপনের মাধ্যমে জিয়াউল আহসানের গুম-খুনের নির্মমতা তুলে ধরেন চিফ তিনি।
এ ছাড়া এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ডও তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
রক্ত যেন গায়ে না লাগে- সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা, হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া, সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
একপর্যায়ে তিনি বলেন, ‘আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে।’
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। আজকের যুক্তি উপস্থাপনটি ট্রাইব্যুনালের ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
জিয়াউল আহসানের গুম-খুনের মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (২৪ নভেম্বর) ট্র্যাইব্যুনালে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।
এএইচ




