সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

টিটন হত্যা: ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

টিটন হত্যা: ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক মো. ইরফান খান সুইডেন আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্র এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় টিটনকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন মামলার বাদী।

এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে রোববার (২২ নভেম্বর) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর