ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেফতার অপর শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই শিক্ষার্থী হলেন- আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। অন্যদিকে, শিশুটিকে ঢাকার শিশু আদালত-২ কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গ্রেফতার তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করা হয়। এ সময় দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী। একইসঙ্গে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি স্থানে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বের হয়ে ঘটনাস্থলে জড়ো হন। পরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তিনজনকে আটক করেন। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান।
খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের কাছ থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের সঙ্গে যোগসাজশে আসামিরা কলেজ ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেলজাতীয় বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটান।
শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং তাদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এম/এএইচ




