বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুব মহিলা লীগ নেত্রী পল্লবী ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

যুব মহিলা লীগ নেত্রী পল্লবী ৪ দিনের রিমান্ডে
নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী। ছবি: সংগৃহীত

গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন আসামি ইসরাত জাহান পল্লবীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

এর আগে গতকাল মঙ্গলবার চীন থেকে ফেরার পথে বিমানবন্দরে তাঁকে আটক করে পুলিশ।

আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিলের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

picture

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গুলশান-১-এর কেএফসি রেস্তোরাঁর সামনে পাকা সড়কে বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন সমাবেশের আয়োজন করেন। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তাঁরা ওই সমাবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক অপরাধ সংঘটন করা হয়।

পুলিশি অভিযানের মুখে আসামিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় ঘটনাস্থল থেকে অব্যবহৃত ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ইসরাত জাহান পল্লবীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর