সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তিতে বাধা নেই
সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আদেশের পর তিনি বলেন, হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে আখতারুজ্জামানের মুক্তিতে কোনো বাধা নেই।

এর আগে রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই আদেশ স্থগিত চেয়ে সোমবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টে শুনানির সময় আখতারুজ্জামানের আইনজীবী শিশির মনির বলেন, মামলায় যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে একটি ছাড়া বাকি সবই জামিনযোগ্য অপরাধ। আখতারুজ্জামানের বয়স ৭৩ বছর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও দুইবারের সাবেক সংসদ সদস্য। এ ছাড়া তিনি ইতিমধ্যে প্রায় এক মাস কারাভোগ করেছেন।

আইনজীবী আরও বলেন, রাষ্ট্রপক্ষ এজাহারে মারধরের অভিযোগ আনলেও সিসিটিভি ফুটেজে উত্তপ্ত বাক্যবিনিময় ছাড়া গুরুতর কোনো ঘটনা দেখা যায়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট তাকে জামিন দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট ও জমজমের পানি পেতে দেরি হওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাক্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা ও এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

পরদিন ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড শেষে ৪ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দায়রা আদালতেও জামিন আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

আরএনবি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর